ঈদের আগে তৈরি পোশাকশিল্প-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা দিতে সম্মত হলেও মালিকেরা নির্দিষ্ট কোনো তারিখের মধ্যে তা দিতে রাজি নন। বরং শ্রমিক-মালিকদের মধ্যে আলোচনা সাপেক্ষেই তা দেওয়ার কথা বললেন এই খাতের নেতারা।তবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ২৫ আগস্টের মধ্যেই বেতন-ভাতা দিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আর এই বিষয়ে সরকারের নির্দেশ আছে বলেও জানান তাঁরা।গতকাল মঙ্গলবার ‘রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের বর্তমান শ্রম পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। গতকাল মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নিজস্ব ভবনে এই সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় বদরুদ্দোজা নিজাম, শহীদুল্লাহ বাদল, কামরুল হাসান, আমিরুল আমিনসহ বেশ কয়েকজন শ্রমিকনেতা ২৫ আগস্টের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে যেসব মালিক এই নিয়ম মানবেন না, তাঁদের শাস্তির দাবি জানান শ্রমিকনেতারা।সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, ইতিমধ্যে একাধিকবার মালিকেরা ওয়াদা করেছেন যে তাঁরা ২৫ আগস্টের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন। মালিকেরা অর্থ মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনাও হয়েছে।তবে বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অর্থনৈতিক মন্দার এই সময়ে কোনো নির্দিষ্ট তারিখে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার বিষয়টি মালিকদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। বরং শ্রমিক-মালিকদের আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তবে মালিকদের ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার বিষয়ে সাধ্যমতো চেষ্টা করার তাগিদ দেন বিজিএমইএ সভাপতি। সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, যেসব মালিক অর্থাভাবে বেতন-ভাতা দিতে পারবেন না, তাঁদের ঋণের মাধ্যমে বিজিএমইএ ও বিকেএমইএ সহযোগিতা করতে পারে। ব্যবসায়ী নেতাদের দাবি অনুযায়ী ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিনে বন্দর খোলা রাখার বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নৌপরিবহনমন্ত্রী।মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবদুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুর রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান প্রমুখ।