মালিকেরা গ্রেপ্তার না হলে ২ মে হরতাল দেবে বামপন্থীরা
সাভারে ফাটল ধরা ভবনে শ্রমিকদের কাজে যোগদানে বাধ্য করে তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য দায়ী তৈরি পোশাক কারখানার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বামপন্থী বিভিন্ন দল। ২৮ এপ্রিলের মধ্যে এসব মালিককে গ্রেপ্তার করা না হলে আগামী ২ মে সারা দেশে হরতাল দেবে বলে জানিয়েছে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে কয়েকটি দলের জোট গণতান্ত্রিক বাম মোর্চা আজ শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতালের ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) ২ মে হরতাল দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন। এ জন্য সিপিবি বাম ধারার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও যোগাযোগ করছে বলে তিনি জানান।গতকাল শুক্রবার গণতান্ত্রিক বাম মোর্চার সভায় বলা হয়, ২৮ এপ্রিলের মধ্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থ হলে হরতালসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।