মালিকেরা জায়গা দিলে সরকার দিবাযত্ন কেন্দ্র করে দেবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা প্রয়োজনীয় জমি দিলে সরকার সেসব কারখানায় দিবাযত্ন (ডে কেয়ার) কেন্দ্রের অবকাঠামো নির্মাণ করে দেবে। পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়া হবে।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কর্মজীবী মায়ের সন্তানদের পরিচর্যা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘একনেক বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, বেসরকারি শিল্প-কারখানায় দিবাযত্ন কেন্দ্র স্থাপন করতে চাই। এর জন্য কারখানার মালিকদের কেবল জমি দিতে হবে। অবকাঠামো নির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতা সরকার দেবে।’
পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘পৃথিবীর সব উন্নত দেশে মায়েদের কর্মস্থলে দিবাযত্ন কেন্দ্র রয়েছে। প্রধানমন্ত্রী চান, আমাদের দেশেও প্রয়োজনীয় দিবাযত্ন কেন্দ্র গড়ে উঠুক। এতে কর্মজীবী নারীরা মনোযোগ সহকারে দায়িত্ব পালন করতে পারবেন।’
আজকের একনেক বৈঠকে দেশে ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বর্তমানে সরকার সারা দেশে ৪৩টি দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করছে। দিবাযত্ন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে নেওয়া প্রকল্পের পরিধি ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে পরিকল্পনামন্ত্রী জানান।