তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ‘ভারতের টিভি চ্যানেলের মালিকেরা এ দেশে এসে কেব্ল অপারেটরদের টাকা দিয়ে চ্যানেল চালানোর ব্যবস্থা করেছেন। কিন্তু আমাদের টিভি চ্যানেলের মালিকেরা ভারতে গিয়ে সেভাবে টাকা দিতে চাইছেন না। তাঁরা কে কত বেশি মুখরোচক খবর দিতে পারবেন—সেই প্রতিযোগিতা করছেন।’গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে মজিবুল হকের (চুন্নু) সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।নূরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের সফরের সময় দুই দেশের টেলিভিশন চ্যানেলের দর্শকসংখ্যা বাড়ানোর ব্যাপারে মতৈক্য হয়, যে কারণে তথ্য মন্ত্রণালয় বেসরকারি টিভি চ্যানেলের প্রতিনিধিদের নিয়ে সভা করেছে। এতে ভারতে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারের অন্তরায়গুলো চিহ্নিত করা হয়। এগুলো দূর করার পর ভারতে বাংলাদেশের চ্যানেলগুলো সম্প্রচার করা সম্ভব হবে।ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, টেলিভিশন বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের পর জনস্বার্থে ক্ষতিকর বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে।শাহরিয়ার আলমের সম্পূরক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, বেসরকারি রেডিও ও টেলিভিশন চ্যানেল সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হলে টেলিভিশনগুলোর ঘন ঘন বিজ্ঞাপন এবং অশোভন অনুষ্ঠান প্রচার করা বন্ধ হবে।ফজিলাতুন্নেসা বাপ্পীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, আর্থিকভাবে অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়ার জন্য সরকার এক কোটি টাকার একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া সাংবাদিকদের জন্য একটি কল্যাণ ট্রাস্ট গঠন সরকারের সক্রিয় বিবেচনায় আছে।পরে সংসদ অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।