মালিকেরা পোশাক খাতে মজুরি বাড়াতে চান ৩২৭ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমালিকেরা পোশাক খাতে ন্যূনতম মাসিক মজুরি এক হাজার ৯৮৯ টাকা বা ২৯ মার্কিন ডলার নির্ধারণ করতে চান। অর্থাৎ সর্বশেষ ২০০৬ সালে নির্ধারিত ন্যূনতম মজুরি থেকে মাত্র ৩২৭ টাকা বেশি। সে সময় ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছিল এক হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। শ্রমিকদের দাবি হলো, ন্যূনতম মজুরি হতে হবে কমপক্ষে ছয় হাজার ২০০ টাকা বা ৯০ ডলার। এই অবস্থায় পোশাক খাতের জন্য সরকার গঠিত মজুরি বোর্ড গতকাল রোববার বৈঠক করে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সূত্র জানায়, বোর্ডের চেয়ারম্যান ও জেলা জজ ইকতেদার আহমেদ এ পরিস্থিতিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দেশের সর্বশেষ মূল্য পরিস্থিতি ও ২০০৬ সালের তুলনায় তার বৃদ্ধি নিয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন।সরকার গত ১৪ জানুয়ারি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে বোর্ড গঠন করে। গতকালের বৈঠকে বোর্ডের সদস্য বিজিএমইএ সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক প্রতিনিধি বেগম শামসুর নাহার এবং মালিকপক্ষের পর্যবেক্ষক হিসেবে সাংসদ টিপু মুনশী উপস্থিত ছিলেন।এ বিষয়ে শফিউল ইসলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, এমন একটা সময় মজুরি নিয়ে আলোচনা হচ্ছে যখন দেশে গ্যাস-বিদ্যুতের সংকট, আন্তর্জাতিকভাবে মন্দা ও পণ্যের মূল্য কমে যাওয়া নিয়ে শিল্পমালিকেরা সংকটে রয়েছেন। ফলে এসব বিষয় মাথায় নিয়েই ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে।