সেন্ট মার্টিনের ১০৪ হোটেলকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ
মালিকেরা ভাঙছেন না, উচ্ছেদের সিদ্ধান্ত হয়নি
বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপের ১০৪টি আবাসিক হোটেল ও কটেজ অপসারণে মালিকদের দুই দফায় নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর। এতে বলা হয়, ১০ মের মধ্যে এসব স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। নোটিশে বেঁধে দেওয়া সময়ের ১০ দিন পার হতে চললেও এসব স্থাপনা সরানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এদিকে হোটেলগুলো উচ্ছেদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি পরিবেশ অধিদপ্তর। কারণ বিপুলসংখ্যক স্থাপনা উচ্ছেদের বিপরীতে মোটা অঙ্কের টাকা খরচের পাশাপাশি জনবল প্রয়োজন। এই মুহূর্তে পরিবেশ অধিদপ্তরের কোনোটিই নেই।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১০ মের মধ্যে সব আবাসিক হোটেল ভেঙে সরিয়ে নিতে একাধিকবার নোটিশ পাঠানো হলেও কেউ তা আমলে নিচ্ছেন না। উল্টো হোটেল মালিকেরা নোটিশের বিরুদ্ধে এবং অবকাঠামো রক্ষার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ চালাচ্ছেন। সেন্ট মার্টিনের হোটেল-মোটেল উচ্ছেদ করতে উচ্চ আদালতের নির্দেশনা আছে। উচ্ছেদ না করলে আদালত অবমাননা হবে।
সরদার শরিফুল ইসলাম বলেন, সেন্ট মার্টিনের ১০৪টি হোটেল-মোটেল উচ্ছেদ করতে দরকার অনেক টাকা ও জনবল। এ ব্যাপারে দিকনির্দেশনা চেয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে পত্র পাঠানো হয়েছে। এরপর ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বঙ্গোপসাগরে প্রায় সাত বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপ জীববৈচিত্র্যে অনন্য। এটি দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এর জীববৈচিত্র্য রক্ষায় ১৯৯৯ সালে সরকার সেন্ট মার্টিনকে ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ (ইসিএ) ঘোষণা করে। সামুদ্রিক কচ্ছপের প্রজননক্ষেত্র ও সামুদ্রিক প্রবালের অন্যতম আধার সেন্ট মার্টিন দ্বীপে কংক্রিটের তৈরি অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ। অথচ গত দুই দশকে দ্বীপের উত্তর অংশের এক বর্গকিলোমিটার এলাকায় তৈরি হয়েছে অন্তত ৮০টি হোটেল-মোটেল। দ্বীপের উত্তর-দক্ষিণ, পশ্চিম ও পূর্ব অংশেও তৈরি হয়েছে বেশ কিছু হোটেল। আরও কিছু ভবন তৈরি হচ্ছে। প্রশাসনিক কাঠামোয় সেন্ট মার্টিন টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মো. মুবিনুল ইসলাম জানান, প্রথম দফায় গত ২১ এপ্রিল সেন্ট মার্টিনের ৩৮টি আবাসিক হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়। নোটিশে ২৯ এপ্রিলের মধ্যে মালিকপক্ষকে নিজ দায়িত্বে হোটেল ভেঙে ফেলতে বলা হয়। এরপর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে দ্বীপের ১০৪টি হোটেল-মোটেল কটেজ ভেঙে ফেলার জন্য নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে আগের ৩৮টি হোটেলও ছিল। গত শুক্রবার (১৯ মে) পর্যন্ত কোনো হোটেল-মোটেল সরানোর খবর পাওয়া যায়নি। পরিবেশ অধিদপ্তরের নোটিশপ্রাপ্ত হোটেলের মধ্যে আছে একতলা ১৮টি, দোতলা ১৭টি, তিনতলা তিনটি ও কটেজ ৬৬টি।
সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, গত ১ এপ্রিল থেকে ‘টেকনাফ-সেন্ট মার্টিন’ নৌপথে সাতটি প্রমোদতরি কিংবা পর্যটকবাহী জাহাজের চলাচল বন্ধ আছে। কারণ বঙ্গোপসাগর উত্তাল। আগামী ১৫ নভেম্বর থেকে ফের এই নৌপথে জাহাজ চলাচল শুরু হতে পারে। জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে পর্যটকের আগমনও নেই। মাছ ধরার নৌকায় করে দ্বীপের লোকজন উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে (চরম ঝুঁকি নিয়ে) টেকনাফে আসা– যাওয়া করছেন। এ রকম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে হোটেল-মোটেল ভেঙে ফেলা কিংবা সরিয়ে নেওয়া মোটেও সম্ভব হবে না।
জানতে চাইলে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, উচ্চ আদালতের আদেশ অমান্য করার সুযোগ কারও নেই। আদালতের নির্দেশ মেনে সেন্ট মার্টিনের হোটেল-মোটেল ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিপুলসংখ্যক স্থাপনা ভেঙে ফেলতে বহু টাকার দরকার।
এদিকে পরিবেশ অধিদপ্তরের হোটেল ভাঙার নোটিশের বিরুদ্ধে সম্প্রতি কক্সবাজার সৈকতের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছে ‘সেন্ট মার্টিন দ্বীপ রক্ষা ও উন্নয়ন পরিষদ’ নামে বেসরকারি একটি সংগঠন।
সংগঠনের আহ্বায়ক শিবলুল আজম কোরাইশী। সংবাদ সম্মেলনে শিবলুল আজম বলেন, পর্যটকদের প্রয়োজনে সেন্ট মার্টিনে বেসরকারি উদ্যোগে হোটেল-মোটেল ও কটেজগুলো নির্মাণ করা হয়েছে। এখন ভেঙে ফেললে পর্যটকেরা বিপাকে পড়বেন। তাঁর দাবি, হোটেল-মোটেল না ভেঙে সেন্ট মার্টিনের জন্য একটি নীতিমালা দরকার। সেই নীতিমালায় এই হোটেলগুলো রক্ষণাবেক্ষণ করা হবে।
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় অনুমতি ছাড়া হোটেল নির্মাণ প্রসঙ্গে শিবলুল আজম বলেন, হোটেল তৈরির সময় অনেকে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছিলেন। কিন্তু কাউকে ছাড়পত্র দেওয়া হয়নি।
শিবলুল আজম কোরাইশী সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম সৈকতের তিনতলার হোটেল অবকাশের মালিক। যেটির কোনো পরিবেশ ছাড়পত্র নেই।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কটেজ মালিক নুরুল আমিন, সেন্ট মার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, কটেজ মালিক মৌলভি নুরুল হাকিম, নির্মাণাধীন হোটেল ফ্যান্টাসির মালিক আবু জাফর প্রমুখ।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী সাইদ আহমেদ কবির বলেন, ২০০৭ সালে কোস্টাল অ্যান্ড ওয়েটল্যান্ড বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট প্রজেক্টের এক জরিপে দেখা যায়, তখন পর্যন্ত সেন্ট মার্টিনে অবৈধ স্থাপনা ছিল ৭৪টি। এসব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশনা চেয়ে বেলার পক্ষ থেকে ২০০৯ সালে হাইকোর্টে জনস্বার্থমূলক একটি রিট করা হয়। রিটের শুনানি শেষে ২০১১ সালের ২৪ অক্টোবর পরিবেশগত ঝুঁকিপূর্ণ সেন্ট মার্টিনে ছাড়পত্রবিহীন স্থাপনা অপসারণ করতে হবে মর্মে আদালত রায় দেন। একই সঙ্গে ছাড়পত্রবিহীন নতুন কোনো স্থাপনা নির্মাণ না করা ও বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণেরও নির্দেশ দেন হাইকোর্ট। অথচ আদালতের এই নির্দেশ সত্ত্বেও সেন্ট মার্টিনে আরও বেশি অবৈধ স্থাপনা তৈরি হয়েছে। আগের তৈরি স্থাপনাগুলোর একটিও এ দীর্ঘ সময়ে উচ্ছেদ করা হয়নি।
সাইদ আহমেদ কবির আরও বলেন, চলতি বছরের ২১ মার্চ হাইকোর্ট সেন্ট মার্টিন দ্বীপ থেকে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নতুন স্থাপনা নির্মাণ বন্ধে ব্যর্থতার জন্য ৪ সচিবসহ ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। এরপর পরিবেশ অধিদপ্তর সেন্ট মার্টিনের হোটেল-মোটেলগুলো সরিয়ে নিতে নোটিশ পাঠানো শুরু করে।