মালিঝির বুকে আবার বাঁধ, চলছে পুকুর খননের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মালিঝির শাখা নদীর বিভিন্ন স্থান দখল হয়ে গেছে। নদীর পানিপ্রবাহ বন্ধ করে আবারও বাঁধ দিয়ে পুকুর খনন ও চাষাবাদ চলছে। স্থানীয় এক ব্যবসায়ী এ কাজ করছেন বলে জানা গেছে। এতে বর্ষায় নদীর উজানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি শুষ্ক মৌসুমে বোরো আবাদে সেচসংকট দেখা দিয়েছে।

এলাকাবাসী নদী দখলমুক্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

কলসপাড় ও যোগানিয়া ইউনিয়নের ঘোলারপাড়, কাপাসিয়া, উত্তর কাপাসিয়া এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মালিঝি নদীর শাখা উপজেলার কলসপাড় ও যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া দিয়ে প্রবাহিত হয়ে মরিচপুরানের দুগাঙ্গা এলাকায় ভোগাই নদীতে গিয়ে মিশেছে। দীর্ঘদিন কাপাসিয়া থেকে নদীর ভাটিতে খনন না করায় এবং পাহাড়ের বালুমিশ্রিত পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যায়। ফলে বোয়ালমারী, পিপলেস্বর, টাকিমারী, ঝিনুইকুড়ি, বাইটকামারী বিল পানিশূন্য হয়ে পড়ে। প্রায় ৩০ বছর ধরে নদীর দুই পাশে মাটি ভরাট ক‌রে চাষাবাদ করা ছাড়াও নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি।

সরেজমিনে দেখা গেছে, পশ্চিম কাপাসিয়া গ্রামের সঙ্গে পিপলেস্বর গ্রামের সংযোগ রক্ষাকারী ১২০ ফুট  দীর্ঘ বেইলি সেতুটির নিচে ১০০ ফুট বাঁধ দিয়ে পুকুর খনন করছেন কাপাসিয়া গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেন। পাঁচ বছর আগে বাঁধটি দেন তিনি। এই বাঁধের পূর্ব পাশে ৭৫ শতাংশ নদী দখল করে চলছে গম চাষ। কলসপাড় থেকে কাপাসিয়া এলাকায় নদীর মূল সীমানার বিভিন্ন স্থানে মাটি ভরাট করে তৈরি করা হয়েছে চাষের জমি। ছোট্ট নালার মতো একচিলতে জায়গা দিয়ে প্রবাহিত পানি জানান দিচ্ছে নদীর অস্তিত্ব।

পুকুর খনন কাজে নিয়োজিত শ্রমিক আক্তার হোসেন জানান, ইসমাইল হোসেনের নেতৃত্বে ২৫ জন শ্রমিক ১৫ দিন ধরে পুকুর খননের কাজ করছেন।

কাপাসিয়া গ্রামের কৃষক আবদুল বারিক (৫৫) বলেন, নদী যার যার ইচ্ছামতো দখল করায় উজানের গাগলাজানি, সূর্যনগর, তারাকান্দাসহ ১০টি গ্রামে প্রতিবছর জলাবদ্ধতা তৈরি হয়। এতে ফসলের ক্ষতিসহ নানা রকম সমস্যা হয়।

কাপাসিয়া গ্রামের আবদুর রউফ জানান, ‘দুই বছর আগে পত্রিকায় পুকুর খননের খবর প্রচার হওয়ায় পর কাজ বন্ধ হইয়া যায়। কিন্তু অহন আবার পুকুর খননের কাজ চলছে।’ অবৈধ দখল ও পুকুর খনন বন্ধের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনওর কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে ইসমাইল হোসেন বলেন, ‘এটা আমার রেকর্ডভুক্ত জমি। ১০ বছর ধ‌রে এখানে বাঁধ দিয়েছি। এখন মাছ চাষের জন্য পুকুর করছি। যদি গ্রামবাসীর অসুবিধা হয়, তাহলে পুকুর ভেঙে দেওয়া হবে।’

যোগানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আনসার আলী বলেন, বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ইউএনও আবু সাঈদ মোল্লা বলেন, ‘নদীতে বাঁধ দেওয়া সম্পূর্ণ অবৈধ। অভিযোগটা এখনো দেখা হয়নি। দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত,  ২০১৩ সালের ২৮ জানুয়ারি প্রথম আলোয় ‘মালিঝির বুকে বাঁধ চলছে চাষাবাদও’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।