মালিঝির বুকের সেই বাঁধ সরিয়ে নেওয়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মালিঝির শাখা নদীর ওপর বাঁধ ও পুকুর ভেঙে দেওয়া হয়েছে। উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে দুই দিনে এই বাঁধ অপসারণ করা হয়। নদীতে বাঁধ দিয়ে পুকুর খননের অভিযোগে মো. ইসমাইল হোসেনকে (৫০) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মালিঝি শাখা নদীর পশ্চিম কাপাসিয়া গ্রামের সঙ্গে পিপলেস্বর গ্রামের সংযোগ রক্ষাকারী ১২০ মিটার দীর্ঘ বেইলি সেতুর নিচে ১০০ ফুট বাঁধ দিয়ে পুকুর খনন করেন কাপাসিয়া গ্রামের ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন। পাঁচ বছর আগে বাঁধটি দেন তিনি। ২০১৩ সালের ২৮ জানুয়ারি প্রথম আলোয় ‘মালিঝির বুকে বাঁধ চলছে চাষাবাদও’—শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর দুই বছর বাঁধ নির্মাণের কাজ বন্ধ থাকে। গত ১৫ মার্চ থেকে আবারও সেই জায়গায় বাঁধ দিয়ে পুকুর খনন করা হয়। ৩১ মার্চ প্রথম আলোয় ‘মালিঝির বুকে আবার বাঁধ চলছে পুকুর খননের কাজ’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসে। ২৬ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ মোল্লা বাঁধে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি জায়গায় বাঁধ ও পুকুর খননের অপরাধে ইসমাইলকে পরিবেশ সংরক্ষণ আইনে ২০০৯ (১৬) ধারায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে বাঁধ সরানোর মুচলেকা নেন। গত বুধ ও বৃহস্পতিবার উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে দুই দিনে নদীর ২৫ শতাংশ জমির ওপর বাঁধ ও রোপণ করা ৩০-৪০টি গাছ কেটে নেওয়া হয়।