মালিতে নিহত পুলিশ সদস্যের বাড়িতে মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিতে ঝড়ে নিহত পুলিশ কনস্টেবল ছামিদুল ইসলাম
মালিতে ঝড়ে নিহত পুলিশ কনস্টেবল ছামিদুল ইসলাম

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আফ্রিকার মালিতে নিহত জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত বাংলাদেশি পুলিশ সদস্য ছামিদুল ইসলামের (৩২) বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শেরপুর সদর উপজেলার বেতমারী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পরিবার সূত্র জানায়, গত রোববার বিকেলে কর্মরত থাকা অবস্থায় মালিতে ঝড়ের কবলে পড়ে ছামিদুল গুরুতর আহত হন। স্থানীয় বামাকো হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান। ওই রাতে প্রথমে ছামিদুলের সহকর্মী পুলিশ সদস্যের ফেসবুক পোস্ট ও পরে ময়মনসিংহ পুলিশের মাধ্যমে মৃত্যুর ঘটনাটি পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপর তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মা-বাবা, স্ত্রী ও দুই শিশুসন্তানের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। তাঁর স্ত্রী সূচনা গৃহবধূ। তাঁদের ছেলে সৌরভ তৃতীয় শ্রেণির ছাত্র। মেয়ে শ্রাবন্তীর বয়স দুই বছর। ছামিদুল দেশে সর্বশেষ ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। শান্তি মিশনে যোগদানের জন্য তিনি ৩ মে রাতে মালির উদ্দেশে রওনা হন।
ময়মনসিংহ বিভাগের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ছামিদুলের লাশ দেশে নিয়ে আসার ব্যাপারে পুলিশ সদর দপ্তর থেকে জাতিসংঘে যোগাযোগ করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।