মালিতে শান্তি মিশনে দুটি কন্টিনজেন্ট পাঠাচ্ছে বিমানবাহিনী
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দুটি কন্টিনজেন্ট পাঠাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। কন্টিনজেন্টে থাকছেন ২৪০ বিমান সেনা ও তিনটি এমআই-১৭ হেলিকপ্টার। প্রথম ধাপে ১০৭ সদস্যের প্রথম দলটি এরই মধ্যে জাতিসংঘের ভাড়া করা বিমানে ঢাকা ছেড়েছে। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার বাসস এ খবর জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কন্টিনজেন্ট দুটি বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিট-১ ও বাংলাদেশ এয়ারফিল্ড সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট-১ নিয়ে গঠিত। নেতৃত্বে থাকছেন এয়ার কমোডর আনিসুর রহমান ও গ্রুপ ক্যাপ্টেন কাজী মাজহারুল করিম।
মালিতে বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।
কন্টিনজেন্টের অগ্রবর্তী দল হিসেবে গত ৯ সেপ্টেম্বর মালির উদ্দেশে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা ছাড়ে। এর আগে ৯ ডিসেম্বর বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং দেন।