মালিবাগে ডাকাতি ৫০ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে গতকাল রোববার ভোরে এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে ওই বাসা থেকে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লাখ টাকা, হীরার গয়নাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে আট-নয়জন সশস্ত্র ডাকাত ২৭/বি, মালিবাগ চৌধুরীপাড়ার বাসিন্দা ব্যবসায়ী সানাউলের বাড়ির দ্বিতীয় তলার বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢোকে। ডাকাতেরা এরপর শোবার ঘরে ঢুকে অস্ত্রের মুখে সানাউল ও তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। পরে তারা অন্য ঘরে ঢুকে পরিবারের বাকি লোকজনেরও হাত-পা বাঁধে। প্রায় আধা ঘণ্টা ধরে ডাকাতেরা বাসার আলমারি ও ড্রয়ার ভেঙে তিন লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালংকার, হীরার একটি সেট, রঙিন টিভি ও ক্যামেরাসহ ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থলে যান। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় এ ঘটনায় থানায় ডাকাতির মামলা হয়েছে। লুট হওয়া টাকা ও অলংকার উদ্ধার করা যায়নি। তবে ডাকাতিতে জড়িত থাকার সন্দেহে বাড়ির নিরাপত্তাকর্মী আবুল কালাম ও গাড়িচালক আহসানউল্লাহকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।