মালিবাগে পুলিশ-জামায়াত সংঘর্ষে শিবির নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে শামিল হতে গিয়ে মালিবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন মানসুর প্রধানীয়। ছবি: প্রথম আলো
গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে শামিল হতে গিয়ে মালিবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন মানসুর প্রধানীয়। ছবি: প্রথম আলো

গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে শামিল হতে গিয়ে আজ রোববার মালিবাগে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে মানসুর প্রধানীয় (২৪) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। এ ছাড়া হাইকোর্ট এলাকায় বিএনপিপন্থী আইনজীবীদের ওপর জলকামান থেকে রঙিন ও গরম পানি ছিটানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মানসুরের বন্ধু মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, মানসুর আশকোনা ৩ নম্বর ওয়ার্ডের শিবিরের সভাপতি ছিল। তিনি বনানীর সিটি ইউনিভার্সিটি নামে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে মালিবাগ পদ্মা সিনেমা হলের সামনে থেকে জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল বের করেন। তাঁরা টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করেন। পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশও ফাঁকা গুলি ছুড়তে থাকে।
এ ঘটনার পরে রামপুরা থানা পুলিশের একটি দল পাশের একটি গলিতে তল্লাশি করতে যায়। এ সময় তাদের সঙ্গে শিবিরের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশের পাঁচজন সদস্যসহ অপর একজন আহত হন। সংঘর্ষ শেষে মানসুর নামে ওই ব্যক্তিকে সেখানে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ১২টার দিকে মালিবাগের পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মানসুরের বড় ভাই মানজুর আশিক হাসপাতালে সাংবাদিকদের জানান, তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরের মুন্সিরহাটে। ঢাকায় মানসুর বিমানবন্দর রোডে থাকতেন। তাঁদের বাবার নাম আবদুর রাজ্জাক।
এদিকে আবুল হোটেলের কাছে ১৮-দলীয় জোটের ৬০-৭০ জন সমর্থক একটি মিছিল বের করেন। তাঁরা সেখানে একটি টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশের একটি ভ্যান সেখানে পৌঁছালে মিছিল থেকে সেটি লক্ষ্য করে ককটেল ছোড়েন ১৮-দলীয় জোটের সমর্থকেরা। পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে পুলিশ কাউকে আটক করেনি।