মালিবাগে পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে একটি তৈরি পোশাক কারখানায় গতকাল সোমবার রাতে আগুন লেগেছে। এতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি।
গতকাল রাত সোয়া আটটার দিকে মালিবাগের চৌধুরীপাড়ায় আল মুসলিম গ্রুপের ওই কারখানার তৃতীয় তলায় আগুন লাগে। ওই সময় কারখানাটি বন্ধ ছিল।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক জহিরুল ইসলাম মিয়া জানান, নয়তলা গার্মেন্টস ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি করা হয়েছে।
কারখানার কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, বিকেল পাঁচটার দিকে তাঁদের কারখানা ছুটি হয়ে যায়। রাত সোয়া আটটার দিকে তৃতীয় তলায় মজুত কাপড়ের কক্ষে ধোঁয়া দেখা যায়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ওই তলার দায়িত্বপ্রাপ্ত রিয়াজ ও হাকিম আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।