মালিবাগের রাস্তাজুড়ে কাঁচাবাজার

মালিবাগ মোড় থেকে শান্তিনগর চৌরাস্তা পর্যন্ত রাস্তার এক পাশজুড়ে বসছে কাঁচাবাজার। এই বাজারের কারণে প্রতিদিন সকালে যানজট হচ্ছে মালিবাগ মোড়ে। বিশেষ করে স্কুলে আসা শিক্ষার্থীদের পড়তে হচ্ছে বিপাকে।
মালিবাগের বাসিন্দাদের অভিযোগ, রমনা থানা-পুলিশের সহায়তায় এই বাজার বসানো হচ্ছে। বাজার যতক্ষণ চলে ততক্ষণ পুলিশের একজন সদস্য দাঁড়িয়ে থেকে চাঁদা তোলেন।
এ ব্যাপারে জানতে চেয়ে রমনা থানায় যোগাযোগ করা হলে থানা থেকে বলা হয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ছুটিতে আছেন। তিনি না এলে কেউ এ নিয়ে কথা বলতে পারবেন না। তবে থানায় দায়িত্বরত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সকালে রাস্তায় কিছু ভ্রাম্যমাণ হকার রাস্তায় বসতে পারে। এটাকে বাজার বলা ঠিক নয়। এর সঙ্গে পুলিশের কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেন।
গতকাল শুক্রবার সকালে দেখা গেল, মালিবাগ মোড় থেকে শুরু করে শান্তিনগর চৌরাস্তা পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে বসেছে কাঁচাবাজার। শ দুয়েক দোকানি সেখানে নানা জিনিসের পসরা সাজিয়েছেন। বেশির ভাগই কাঁচা সবজি। মাছের পসরাও আছে। পাইকারি বাজার থেকে সবজি কিনে খুচরা দোকানিরা মালিবাগের রাস্তায় এসে বসেন। শান্তিনগরের বইয়ের দোকানের সামনের পুরো এলাকাটি দখল করে থাকেন মাছের দোকানিরা। মাছ কিনে সেখানে কেটে নেওয়ার ব্যবস্থাও আছে।
বাজারে আসা লোকজনের অভিযোগ, দিনে দিনে এ বাজারের পরিধি বাড়ছে। আগে চার-পাঁচজন দোকানি ভ্যানে করে সকালে কাঁচা তরিতরকারি বিক্রি করতেন। ব্যবসা ভালো হওয়ায় এর সংখ্যা বেড়ে গেছে। এখন রীতিমতো বাজার হয়ে গেছে। সকাল সাতটা থেকে বাজার বসতে শুরু করে। আর বাজার শেষ হতে হতে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা বেজে যায়। এরপর দোকান বসে সিদ্ধেশ্বরী লেন ও মহল্লার ভেতরের সরু গলিগুলোর পাশ দিয়ে। আশপাশের বাসিন্দারা ও বিভিন্ন স্কুলে সন্তানদের পৌঁছে দিতে আসা লোকজনই মূলত এসব বাজারের ক্রেতা। এই বাজারের কারণে রাস্তার দুই পাশে থাকা দোকানিরা বিপাকে পড়েন।
আবদুল হাকিম নামের এক দোকানি প্রথম আলোকে বলেন, উড়ালসড়কের কারণে এমনিতেই রাস্তার কিছু অংশ বন্ধ থাকছে। বাকি অংশ কাঁচাবাজার বসালে রাস্তায় আর গাড়ি চলাচল করতে পারে না। তিনি বলেন, আগে দোকানগুলো সকালে বসলেও একটু পরই উঠে যেত। কিন্তু এখন অনেক বেলা পর্যন্ত বসে থাকে। সে কারণে এই এলাকায় সকালে আগের চেয়ে বেশি যানজট হয়। সকালে স্কুলে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যানজটে বসে থাকতে হয়।
গতকাল সকালে অস্থায়ী বাজারের দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেল, রমনা থানা-পুলিশের এক সদস্য প্রতিদিন এই বাজার থেকে চাঁদা তোলেন। গতকাল সকালে এক ব্যক্তিকে দেখিয়ে দিয়ে একজন দোকানি বললেন, তাঁর সঙ্গে কথা বলুন। তবে লোকটির সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কথা না বলে অন্যদিকে চলে যান।