মালোপাড়ার আলোটুকু জ্বলে থাকবে
যশোরের কেশবপুরের মালোপাড়ার মেয়েটির কলেজে যাওয়ার ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আর জেলা প্রশাসক মেয়েটির লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন।
গতকাল রোববার প্রথম আলোতে ‘মালোপাড়ার আলোটি নিভে যাবে?’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশাসন, পুলিশ ও শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রীর নির্দেশে গতকাল দুপুরে মেয়েটির বাড়িতে হাজির হন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক টি এম জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসিরউদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রমুখ।
জেলা প্রশাসক মেয়েটির লেখাপড়ার সার্বিক দায়িত্ব নেন। তিনি মেয়েটির জন্য আলাদাভাবে অর্ধবার্ষিকী পরীক্ষা নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ ছাড়া মেয়েটির বাবাকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে লেখাপড়ার জন্য মেয়েটিকে এক হাজার টাকা দেন তিনি।
এ সময় জেলা পুলিশ সুপার আনিসুর রহমান মেয়েটির নিরাপত্তার জন্য ওসিকে নির্দেশ দেন। ওসি উত্ত্যক্তকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক টি এম জাকির হোসেন বলেন, আজ থেকে মেয়েটির কলেজে যাওয়া-আসার জন্য শিক্ষা বিভাগ থেকে ব্যবস্থা করা হবে। এ ছাড়া বই-খাতাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কেশবপুর হাজি মোতালেব মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রায়হানা সাদেক বলেন, মেয়েটি কলেজে এলেই তার আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে।
প্রসঙ্গত, মেয়েটি গত ৪ সেপ্টেম্বর কলেজ থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলকোট উত্তরপাড়া গ্রামের জাহেদুল ইসলাম (২৫) তাকে টানাটানি করে। মেয়েটি বাধা দিতে গেলে একপর্যায়ে জাহেদ তার চোখে আঙুল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে তার বাঁ চোখটি আঘাতপ্রাপ্ত হয়। পরে গত ২২ নভেম্বর বাড়ির সামনে বুড়ি ভদ্রা নদীতে যাওয়ার সময় জাহেদ আবার তাকে আটকায়। এসব কারণে গত রোবাবর থেকে অনুষ্ঠিত অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে পারেনি মেয়েটি। এ কারণে লোকলজ্জায় মেয়েটি আত্মহত্যার চেষ্টা চালায়।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেন।