মালোপাড়ার সেই মেয়েটি পেল শিক্ষাবৃত্তি
যশোরের কেশবপুরের মালোপাড়ার সেই মেয়েটিকে যশোর জেলা প্রশাসন ও পৌর মেয়রের পক্ষ থেকে এককালীন ১৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। গত শনিবার বিকেলে কেশবপুরের পাবলিক ময়দানে ওই বৃত্তি দেওয়া হয়।
পাবলিক ময়দানে আঞ্চলিক ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসনের দেওয়া ১০ হাজার টাকার বৃত্তি মেয়েটির হাতে তুলে দেন কেশবপুরের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এ সময় পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাস তাকে আরও পাঁচ হাজার টাকা দেন।
মালোপাড়ার মেয়েটিকে গত ৪ সেপ্টেম্বর কলেজ থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলকোট উত্তরপাড়া গ্রামের জাহেদুল ইসলাম (২৫) হাত ধরে টানাটানি করেন। এ সময় জাহেদ তার গলা টিপে ধরেন ও চোখে আঙুল ঢোকানোর চেষ্টা করলে তার বাঁ চোখ আঘাতপ্রাপ্ত হয়। পরে ২২ নভেম্বর বাড়ির সামনে বুড়িভদ্রা নদীতে যাওয়ার সময় জাহেদ আবারও তাকে আটকান। লোকলজ্জায় মেয়েটি আত্মহত্যার চেষ্টা চালায়। পরে উত্ত্যক্তকারীকে পুলিশ গ্রেপ্তার করে।