মালোপাড়ার আলো আবার ঝড়ের ঝাপটায়
বখাটের উৎপাতে কলেজে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল মেয়েটির। দিতে পারেনি উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের অর্ধবার্ষিকী পরীক্ষা। পরে প্রশাসনের হস্তক্ষেপে তার লেখাপড়া সচল হয়। কিন্তু এবার মেয়েটি আরেক বাধার মুখোমুখি। মাত্র ৮৭৫ টাকার জন্য তাকে প্রাক্-নির্বাচনী পরীক্ষা দিতে দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ।
মেয়েটি যশোরের কেশবপুরের বড়েঙ্গা মালোপাড়ার বাসিন্দা। সে কেশবপুর হাজী মোতালেব মহিলা কলেজের উচ্চমাধ্যমিক পর্বের শিক্ষার্থী। জাহেদুল ইসলাম নামের স্থানীয় এক যুবকের উৎপাতের কারণে গত বছর সেপ্টেম্বর মাসে মেয়েটির কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়। এতে সে অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে পারেনি। লোকলজ্জায় আত্মহত্যারও চেষ্টা চালায় সে। এ বিষয়ে গত বছরের ৩০ নভেম্বর প্রথম আলোতে ‘মালোপাড়ার আলোটি নিভে যাবে?’ শিরোনামে এক সংবাদ প্রকাশিত হয়। এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে প্রশাসনের হস্তক্ষেপে মেয়েটি আবারও লেখাপড়া চালিয়ে যায়। পুলিশ জাহেদুলকে আটক করে। কলেজের অধ্যক্ষও তার প্রতি সহানুভূতির আশ্বাস দেন।
গতকাল সোমবার মেয়েটি প্রথম আলোকে জানায়, গত শনিবার কলেজে উচ্চমাধ্যমিকের প্রাক্-নির্বাচনী পরীক্ষা শুরু হয়। ২০০ টাকা ফি দিয়ে সে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ৮৭৫ বকেয়া টাকা পরিশোধ না করায় গতকাল কলেজের অধ্যক্ষ তাকে দ্বিতীয় দিনের পরীক্ষা দিতে দেননি। অধ্যক্ষ তাকে সাফ জানিয়ে দেন, টাকা জোগাড় করে দিলেই পরীক্ষা দিতে দেওয়া হবে।
মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, ‘পরের জমিতে কাজ করে সংসার চালাই। কাজ করে টাকা জোগাড় করে দেব বলে জানিয়েছিলাম। আমাকে সেই সুযোগটাই দেওয়া হলো না।’
জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হানা সাদেক প্রথম আলোকে বলেন, ‘কলেজে ভর্তিসহ বিভিন্ন পাওনা বাবদ মেয়েটির ৮৭৫ টাকা বকেয়া আছে। সে উপবৃত্তিও পায়। অনেক জায়গা থেকে টাকাও পেয়েছে। অথচ কলেজের টাকা দেওয়া হচ্ছে না। তাই তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।’
সহানুভূতির আশ্বাসের বিষয়টি উত্থাপন করলে অধ্যক্ষ বলেন, ‘কলেজের টাকাটা তো দিতে হবে।’
যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘টাকার জন্য মেয়েটিকে পরীক্ষা দিতে না দেওয়া অত্যন্ত নিন্দনীয়। আমি মেয়েটির পরীক্ষা দেওয়ার সব ব্যবস্থা করব।’