মালোপাড়ার মানুষ কেন নিজভূমে পরবাসী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মালোপাড়ার হামলার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই নারী। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। ছবি: এহসান-উদ-দৌলা
যশোরের মালোপাড়ার হামলার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই নারী। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। ছবি: এহসান-উদ-দৌলা

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান আজ বৃহস্পতিবার যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকার বাড়িঘর পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে এক সমাবেশে তিনি বলেন, মালোপাড়ার মানুষের আস্থায় চিড় ধরেছে। তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। আর এ আস্থা ফিরিয়ে এনে পাড়াটিতে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তাদের সব ক্ষতিপূরণও রাষ্ট্রকে বহন করতে হবে। তিনি প্রশ্ন রাখেন, মালোপাড়ার লোকজন নিজভূমে কেন পরবাসী হয়ে থাকবে?
মিজানুর রহমান বলেন, মালোপাড়ায় যেসব সন্ত্রাসী হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ করেছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এসব দায়িত্ব পালন করবে রাষ্ট্র।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘শুধু শাড়ি, কম্বল, ঢেউটিন ও ৩০ কেজি করে চাল দিলে তাদের পুনর্বাসন হয় না। রাষ্ট্র কর্তৃক তাদের ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণ করে দিতে হবে। আর এ দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। যত দ্রুত রাষ্ট্র এ দায়িত্ব পালন করবে, তত দ্রুতই মঙ্গল হবে।’ মালোপাড়ার ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার সাহস হারাবেন না। সমগ্র রাষ্ট্র আজ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত। এ সময় যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মেহনাজ উপস্থিত ছিলেন।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, ভোটের দিন গত রোববার সকালে উপজেলার চাঁপাতলা আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রে জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী ৮-১০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেন। তাঁরা মালোপাড়ার লোকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন। কিন্তু মালোপাড়ার বিশ্বনাথ সরকার (৪০) ও শ্যামল সরকার (৩৭) ভোট দিলে তাঁদের পিটিয়ে গুরুতর আহত করা হয়। ওই দিন সন্ধ্যায় জামায়াত-শিবিরের দুই শতাধিক কর্মী মালোপাড়ায় অতর্কিত হামলা চালান। এই দলে বিএনপিরও কয়েকজন স্থানীয় কর্মী ছিলেন বলে তাঁরা দাবি করেন। হামলাকারীরা ১০-১৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারপর শতাধিক বাড়ি ও একটি দোকানে ভাঙচুর ও লুটপাট করেন। ফিরে যাওয়ায় সময় তাঁরা ১০টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেন। হামলায় অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হাওলাদার বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে ও আড়াই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করেন। এ পর্যন্ত ২৮ জনকে আটক করা হয়েছে।