রাষ্ট্রবিজ্ঞানের সমঞ্চানের ছাত্রী অনিতা বিশ্বাস। আগুনে পুড়েছে অনিতাদের ঘর। ছোট্ট একটি পাকা ঘর ছিল ওঁদের। দুটি কক্ষে বাস করত সাত সদস্যের পরিবার। ঘরটি এখন বসবাসের সম্পূর্ণ অনুপযোগী।
যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ায় অনিতাদের বাড়ি। গত রোববার নির্বাচন শেষ হওয়ার পর জামায়াত-শিবিরের সশস্ত্র তাণ্ডবে পুড়িয়ে ছারখার হওয়া মালোপাড়ার ১০টি বাড়ির একটি অনিতাদের।
গতকাল মঙ্গলবার কথা হয় অনিতার সঙ্গে। তিনি বলেন, এক বস্ত্রে ভৈরব নদে ঝাঁপ দিয়ে সাঁতরে অপর পারে দেয়াপাড়া গ্রামে গিয়ে প্রাণ রক্ষা করেছেন তাঁরা। দেয়াপাড়া গ্রামের একটি পূজামণ্ডপে কেটেছে তাঁদের নির্ঘুম রাত। গতকাল ফিরেছেন নিজেদের বাড়ি। কিন্তু নেই মাথা গোঁজার ঠাঁই।
পুড়ে যাওয়া ঘরের বারান্দায় বসে অনিতার মা রণজিতা বিশ্বাস বলেন, ‘মেয়েরা বড় হচ্ছে, তাদের বিয়ে দিতে হবে। তাই একটু একটু করে স্বর্ণালংকার তৈরি করছিলাম। ঘরে ছিল নগদ ৩৮ হাজার টাকা। ঘেরের মাছ বিক্রি করে এনে রাখা ওই টাকাটাও লুট হয়ে গেছে।’
গতকাল দুপুরে এলাকায় গিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মেহনাজ। তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে দুই টন চাল, চার লাখ টাকা ও ৩০ বান্ডিল টিন বিতরণ করেছি। এর আগে ঘটনার রাতেই ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের বাড়ি ও দোকান পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসকের কাছে বরাদ্দ চেয়েছেন।’
গত সোমবার রাতে আবারও আগুন দেওয়া হয়েছে উপজেলার দিঘলিয়া গ্রামের মুকুন্দ মণ্ডলের বাড়িতে। আগুনে মুকুন্দ মণ্ডলের ধানের গোলার কিছু অংশ পুড়ে গেছে। মুকুন্দ মণ্ডল বলেন, ‘সোমবার রাত সোয়া ১০টার দিকে টায়ার ও বস্তায় কেরোসিন মাখিয়ে তাতে আগুন ধরিয়ে আমার ধানের গোলায় নিক্ষেপ করা হয়। টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী এসে আগুন নেভায়। আগুনে গোলার বেড়া কিছু অংশ পুড়ে গেছে।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, এমন একটি ঘটনার পর মানুষ ভয় পাবে, এটাই স্বাভাবিক। মানুষকে আশ্বস্ত করার জন্য মালোপাড়ার এক কিলোমিটারের মধ্যে দুটি পুলিশ ক্যাম্প বসানো হয়েছে এবং ক্যাম্প দুটিতে পুলিশের ৭৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। ঘটনার সঙ্গে জড়িত জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক মহসীন হাওলাদার ৩৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ থেকে ২৫০ অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য চেংগুটিয়া ও বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চলছে।
অভয়নগর উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান চাঁপাতলার ঘটনার জন্য জামায়াত-শিবির দায়ী নয় বলে দাবি করেছেন।