মালোপাড়ায় শেষ হলো গণজাগরণ মঞ্চের রোডমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চের রোডমার্চ অভয়নগরের চাঁপাতলা গ্রামে পৌঁছালে শত শত মানুষ জমায়েত হয়। ছবি: এহসান-উদ-দৌলা।
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চের রোডমার্চ অভয়নগরের চাঁপাতলা গ্রামে পৌঁছালে শত শত মানুষ জমায়েত হয়। ছবি: এহসান-উদ-দৌলা।

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বর থেকে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের রোডমার্চ যশোরের মালোপাড়ায় আজ শনিবার শেষ হয়েছে।

সাম্প্রদায়িক সন্ত্রাসীদের নির্মূল কঠোর আইন প্রণয়ন, সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে দোষী ব্যক্তিদের বিচার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি নিরূপণ করে পুষিয়ে দেওয়া—ওই তিন দফা দাবিতে গত শুক্রবার সকাল ১০টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে রোডমার্চ শুরু হয়। বেলা ১১টায় অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ায় এসে তা শেষ হয়।

এর আগে বেলা ১১টার দিকে যশোর থেকে যানবাহনে করে যশোর-খুলনা মহাসড়ক ধরে গণজাগরণ মঞ্চের প্রায় সাড়ে ৬০০ নেতা-কর্মী উপজেলার চেঙ্গুটিয়ায় পৌঁছান। এ সময় এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যাওয়া কয়েক শ শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেয়। পায়ে হেঁটে পতাকা মিছিল করে বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা মালোপাড়ায় পৌঁছালে সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ তাদের করতালি দিয়ে স্বাগত জানায়।


মালোপাড়ার মধ্যভাগে অবস্থিত মন্দিরের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, যশোর জেলা কমিটির আহ্বায়ক আবদুস শহীদ লাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলার সভাপতি হারুন অর রশিদ, বাংলাদেশ হাক্কানি শরিফের এমদাদুল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহসভাপতি রায়াত আহমেদ ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল বক্তব্য দেন।


সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, ‘সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে আমাদের এই রোডমার্চ। দেশব্যাপী এই রোডমার্চ আজ মালোপাড়া থেকে শুরু হলো। যেখানে  যেখানে সাম্প্রদায়িক সন্ত্রাস হয়েছে, সেখানে যাবে এই রোডমার্চ। ধর্মের নামে মানুষ হত্যা, ঘর পোড়ানো এবং মানুষের গায়ে আগুন দেওয়া বন্ধ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’ তিনি বলেন, দেশের যেসব জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে ওই জায়গাগুলোতে তরুণ প্রজন্মদের নিয়ে সাম্প্রদায়িক প্রতিরোধ কমিটি গঠন করা হবে।


ইমরান এইচ সরকার আরও বলেন, ‘১১ মাস ধরে আমরা আন্দোলন করছি। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল জামায়াত-শিবির নিষিদ্ধ করবে। কিন্তু তারা টালবাহানা করছে। দেশের মানুষ এই টালবাহানা মেনে নেবে না।’ তিনি বলেন, ধর্মের পরিচয়ে কারোর ওপর হামলা চলতে পারে না। যারা এ ধরনের হামলা করে তারা অপরাধী। তাদের কোনো দল নেই। তারা সন্ত্রাসী, বিবেকহীন, নরপিশাচ, নরঘাতক ও মানবতাবিরোধী।


সমাবেশের পর গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে মালোপাড়ায় একটি বিদ্যালয় স্থাপনের জন্য নগদ দুই লাখ টাকা দেওয়া হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নগদ টাকা, শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়। পরে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা মালোপাড়ার ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখেন। বেলা পৌনে একটার দিকে যশোরের উদ্দেশে মালোপাড়া ছাড়েন মঞ্চের নেতা-কর্মীরা।