মালোপাড়ায় হামলার অন্যতম সন্দেহভাজন গ্রেপ্তার
যশোরের অভয়নগরের চাঁপাতলা গ্রামের মালোপাড়ায় ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের দিন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম সন্দেহভাজন আবদুল কাদেরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা বলে পুলিশ জানায়। তবে পুলিশ তাঁর পদ-পদবি জানাতে পারেনি।
পুলিশ সূত্র জানায়, চাঁপাতলার পাশের নাউলী গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে কাদেরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়িও চাঁপাতলা গ্রামে। হামলায় কাদেরের ভূমিকার ব্যাপারে পুলিশ নিশ্চিত হয়েছে। তবে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানায়নি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির উদ্দিন বলেন, মঙ্গলবার গভীর রাতে নাউলী গ্রামের একটি বাড়ি থেকে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে জামায়াতের স্থানীয় নেতা বলে পরিচয় দেন। মালোপাড়ায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাঁর নাম নেই। তবে পুলিশের অনুসন্ধানে তাঁর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। ঘটনায় জড়িত থাকার কথা তিনিও স্বীকার করেছেন। এ জন্য নতুন করে জিজ্ঞাসাবাদ করতে তাঁর রিমান্ডের আবেদন করা হয়নি।
পুলিশ জানায়, গত সোমবার রাতে জিয়াডাঙ্গা গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম নামে একজন নিহত হওয়ার পর ভয়ে নাউলী গ্রামে আত্মগোপন করেন কাদের। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
মালোপাড়ার বাসিন্দারা অভিযোগ করেন, ৫ জানুয়ারি হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে নেতৃত্ব দানকারীদের একজন হলেন কাদের। তাঁর ভাই বদরুলও (৩৫) নেতৃত্ব দেন। এই দুজন আওয়ামী লীগের স্থানীয় নেতা হাবিবুর রহমান ওরফে হবির ভাই। পুলিশ আগেই বদরুলকে আটক করে।
নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে ৫ জানুয়ারি সন্ধ্যায় ২৫০-৩০০ লোক মালোপাড়ায় হামলা চালায়। তারা ১০-১৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে লোকজন ভয়ে বাড়িঘর ছেড়ে পালাতে থাকেন। হামলাকারীরা শতাধিক বাড়িঘরে ভাঙচুর এবং মালামাল লুট করে। অন্তত ১০টি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। হামলায় অন্তত ২০ জন আহত হন।