মাল্টিপল ভিসায় সর্বোচ্চ ৯০ দিন থাকার সুযোগ পাবেন বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শিশু-কিশোর ও প্রবীণেরা মাল্টিপল ভিসার আওতায় সর্বোচ্চ ৯০ দিন ভারতে থাকার সুযোগ পাবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গত বুধবার নয়াদিল্লিতে আসাম বিজেপির এক প্রতিনিধিদলকে এ তথ্য জানান বলে আসাম ট্রিবিউন পত্রিকা লিখেছে।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে, বাংলাদেশের অনূর্ধ্ব-১৩ ও ৬৫-ঊর্ধ্ব ব্যক্তিরা পাঁচ বছরের মাল্টিপল ভিসার আওতায় সর্বোচ্চ কত দিনের জন্য ভারতে অবস্থান করতে পারবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি চূড়ান্ত করার পর বাংলাদেশকে জানানো হবে।
সম্প্রতি সুষমা স্বরাজ ঢাকা সফরের সময় জানানো হয়, বাংলাদেশের ১৩ বছরের নিচের ও ৬৫ বছরের ওপরের বয়সের নাগরিকদের পর্যটক হিসেবে পাঁচ বছরের মাল্টিপল ভিসা দেবে ভারত। গত ২৫ থেকে ২৭ জুন ঢাকা সফর করেন সুষমা স্বরাজ।
আসাম ট্রিবিউন-এর গতকালের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের নেতৃত্বে রাজ্য বিজেপির ১৮ সদস্যের এক প্রতিনিধিদল গত বুধবার সুষমা স্বরাজের সঙ্গে দেখা করে। আসাম বিজেপির সভাপতি সর্বানন্দ সানোয়াল পত্রিকাটিকে জানান, বৈঠকে সুষমা স্বরাজকে দলের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা শিথিল করায় রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বিজেপির তুমুল সমালোচনা করছেন। রাজ্যের বিভিন্ন সংগঠনও ভিসা শিথিলের খবরে বিচলিত।
খবরে বলা হয়, সুষমা স্বরাজ বিজেপি প্রতিনিধিদলকে এটা বলে আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশের ১৩ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সের নাগরিকদের পাঁচ বছরের মাল্টিপল ভিসা দেওয়া হবে। এদের বেশির ভাগই পড়াশোনা বা চিকিৎসার জন্য ভারত আসবেন। এঁদের টানা সর্বোচ্চ ৯০ দিন ভারতে থাকার অনুমতি দেওয়া হবে। বিশেষ বয়সের নাগরিকদের জন্য দেওয়া এ ভিসা ব্যবসা কিংবা কর্মসংস্থানের জন্য ব্যবহার করা যাবে না।