মাল্টিমিডিয়া ও প্রজেক্টর বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া মাল্টিমিডিয়া ও প্রজেক্টর বিতরণে শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিনা মূল্যে বিতরণ করা এক সেট মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের জন্য বিদ্যালয়প্রতি ২০০ থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার জেলার ৬ উপজেলার ২২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের বরাদ্দ দিয়েছে। স্থানীয় সার্কিট হাউসে গত শুক্রবার এসব উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে গত সোমবার থেকে বরাদ্দ পাওয়া বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হচ্ছিল।
জেলা কার্যালয়ে গত সোমবার এসব উপকরণ নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, ‘সরকারি খরচে ডিজিটাল উপকরণ বিতরণের কথা থাকলেও আমাদের কাছ থেকে পরিবহন খরচের নামে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। টাকা না দিলে উপকরণ দিচ্ছেন না সংশ্লিষ্টরা।’
ডোমারের কয়েকজন শিক্ষক বলেন, ‘পরিবহন খরচের কথা বলে মাল্টিমিডিয়া ও প্রজেক্টর বিতরণে আমাদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। বিদ্যালয়ের তহবিলে এ রকম কোনো অর্থ বরাদ্দ না থাকায় প্রধান শিক্ষকের বেতনের অংশ থেকে ওই টাকা পরিশোধ করতে হচ্ছে।’ ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় আদায় করা হচ্ছে ৫০০ টাকা করে।
ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মণ্ডল বলেন, ‘উপজেলায় ৪৬টি মাল্টিমিডিয়া ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে। এসব পণ্য ঢাকা থেকে আনতে জেলা কার্যালয় পরিবহন খরচ বহন করেছে। আবার জেলা থেকে উপজেলায় আনতে খরচ হয়েছে। তাই শিক্ষকদের কাছ থেকে ওই খরচের একটি অংশ নেওয়া হচ্ছে। তবে সেটি ৫০০ টাকা নয়, কম।’
ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘উপজেলায় ৪৬টি মাল্টিমিডিয়া ও প্রজেক্টর পাওয়া গেছে। জেলা কার্যালয়ে পরিবহন খরচ দিয়ে তা আনতে হয়েছে। জেলা কার্যালয় থেকে ডিমলা পর্যন্ত আনতে আমাদেরও খরচ হয়েছে। এ কারণে আমরা ৫০০ টাকা করে নিয়েছি। বরাদ্দ পেলে শিক্ষকদের টাকা ফেরত দেওয়া হবে।’
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক বলেন, ‘এসব উপকরণ ঢাকা থেকে আনতে আমি তিনজন কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। সরকারিভাবে পরিবহন বাবদ তাঁদের খরচ দেওয়া হয়নি। এ জন্য বিদ্যালয়প্রতি আনুপাতিক হারে ১০০-১৫০ টাকা করে নিতে পারেন। ৫০০ টাকা করে নেওয়ার কথা না। পরিবহন খরচের বরাদ্দ পেলে শিক্ষকদের টাকা ফেরত দেওয়া হবে।’