মাল্টিমিডিয়া ক্লাসরুম পদ্ধতি পাঠদান পাল্টে দেবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম পদ্ধতি এ দেশের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে। সরকার প্রথম পর্যায়ে বিদ্যুৎ সংযোগ আছে দেশের এমন ২৩ হাজার ৩০০টি স্কুল-মাদ্রাসায় এ ব্যবস্থা চালু করছে। পর্যায়ক্রমে সব স্কুল-কলেজ-মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে। শিক্ষামন্ত্রী গতকাল রূপসী বাংলা হোটেলে আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প আয়োজিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ২৩ হাজার ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর লক্ষ্যে প্রজেক্টর সরবরাহের বিষয়ে সাতটি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান হয়।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী, প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বক্তৃতা করেন।মন্ত্রী বলেন, গত চার বছরে শিক্ষাখাতে ঐতিহাসিক সংস্কার আনা সম্ভব হয়েছে। জাতীয় শিক্ষানীতি, ১ জানুয়ারি বই প্রদান, সুনির্দিষ্ট তারিখে পাবলিক পরীক্ষা শুরু ও ফল প্রকাশ, তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার নিশ্চিত করা, সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রবর্তন, প্রাথমিকে প্রায় শতভাগ ভর্তি, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রী সংখ্যা সমতা আনয়নসহ বিভিন্ন খাতে দৃশ্যমান পরিবর্তন আনা হয়েছে।মন্ত্রী বলেন, আগামী মে মাসের মধ্যে ২০ হাজার ৫০০টি স্কুলে ল্যাপটপ, ইন্টারনেট মডেম, স্পিকার ইত্যাদি সরবরাহ সম্পন্ন হবে। আগামী জুন থেকে প্রজেক্টর সরবরাহ শুরু হবে। একপর্যায়ে দেশের সব শিক্ষার্থীর হাতেই একটি করে ল্যাপটপ তুলে দেওয়া হবে। বাসস।