মাল্টিমিডিয়া ক্লাসরুমে দেশসেরা পঞ্চগড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল কনটেন্ট (পাঠটীকা) তৈরি করে ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করে পঞ্চগড় জেলা দেশসেরা হয়েছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এর পুরস্কার গ্রহণ করেন।
মাল্টিমিডিয়া ক্লাসরুমের তৃতীয় বর্ষ উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় সরকারি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনসচিব মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ মো. নাঈমুজ্জামান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মণ প্রমুখ। অনুষ্ঠানে পাঁচ উপজেলা থেকে পাঁচজন সেরা মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনাকারী শিক্ষককে পুরস্কার দেওয়া হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সরকারি মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় ৩৮১টি সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজের মধ্যে ২১১টিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর জন্য সরকারিভাবে ল্যাপটপ ও প্রজেক্টর পাওয়া গেছে। আরও ৬২টি ল্যাপটপ ও প্রজেক্টর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ২০০টিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা বিষয়ভিত্তিক ডিজিটাল কনটেন্ট তৈরি করে ল্যাপটপ ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিচ্ছেন। মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর ফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিকে যেমন পাঠদানে মনোযোগী ও আগ্রহী হয়ে উঠেছে, পাশাপাশি ক্লাসে উপস্থিতির হারও বেড়েছে।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বলে, ‘মাল্টিমিডিয়া ক্লাসে যেসব বিষয় পড়ানো হয় তা খুব সহজেই বোঝা যায়। পড়া ভুল হয় না। আমরা আনন্দের সঙ্গে শিক্ষকদের কথা শুনি এবং মনে রাখি।’
জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মণ বলেন, প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার একজন শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরাই মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেন ও প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সবার আন্তরিকতায় অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য এসেছে। এ সাফল্য ধরে রাখতে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।