মালয়েশিয়া গমনেচ্ছুদের নিবন্ধন আবেদনেও ঘুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে নিবন্ধিত হওয়ার জন্য সরকার সম্প্রতি আবেদন আহ্বান করলে বরগুনার কয়েক শ বেকার আবেদনপত্র সংগ্রহ করেন। এই আবেদনপত্র জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো কার্যালয়ে জমা দিতে গেলে প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ৩০০ টাকা করে ঘুষ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সরকার মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির লক্ষ্যে সারা দেশ থেকে গত ২৬ সেপ্টেম্বর থেকে আবেদনপত্র আহ্বান করে। ৯ অক্টোবর পর্যন্ত বরগুনায় সাড়ে ৮০০ আবেদন জমা পড়ে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নিয়মানুযায়ী সরকার-নির্ধারিত ফরমে ৮০ টাকার ব্যাংক ড্রাফট দিয়ে জেলা জনশক্তি ব্যুরো কার্যালয়ে এই আবেদন করা যায়। সোমবার সকালে বরগুনা জনশক্তি কর্মসংস্থান ব্যুরো কার্যালয়ে গিয়ে দেখা যায়, বরগুনার বিভিন্ন উপজেলা থেকে আবেদন করতে আসা ব্যক্তিরা সরকার-নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে সেখানে ভিড় করেছেন। এই কার্যালয়ের অফিস সহকারী কাম হিসাবরক্ষক ফকরুল ইসলাম বহিরাগত সগির ও জালাল নামে দুই ব্যক্তিকে দিয়ে জনপ্রতি ৩০০ টাকা ঘুষ নিয়ে আবেদনপত্র জমা নিচ্ছেন। বহিরাগত ওই দুই ব্যক্তিকে কার্যালয়ের চেয়ার-টেবিলও ব্যবহার করতে দেখা যায়।সগির আহমেদের কাছে তাঁর পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মূলত সহায়তা করার জন্য এখানে কাজ করছি, আসলে আমি এই অফিসের কর্মী নই।’ অফিসের কর্মী না হয়েও আবেদনকারীদের কাছ থেকে বাড়তি টাকা নিচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভুল হয়ে গেছে।’এ সময় তাঁর পাশে বসা এই কার্যালয়ের সহকারী ও হিসাবরক্ষক ফকরুল ইসলাম ওই কক্ষ থেকে বের হয়ে অন্য কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। সংবাদকর্মীরা চলে গেছেন এমন খবর নিশ্চিত হওয়ার পর তিনি দরজা খুলে বাইরে আসেন। এ সময় জানতে চাইলে তিনি বলেন, ‘এসব অর্থ আদায়ের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’ তাঁর সামনে বসেই দুই ব্যক্তির অর্থ আদায়ের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি ওনাদের চিনি না। এটা আমার বিরুদ্ধে যড়যন্ত্র। আমি কোনো টাকা নিইনি।’ আবেদনপত্র জমা দিতে আসা বরগুনা সদরের শাহীন আকন, জামাল খান, জিয়াউল হক, মজিবুর রহমান, আবদুল কুদ্দুস মোল্লা জানান, তাঁদের প্রত্যেকের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়ার সময় ৩০০ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে। অফিস সহকারীর সামনে বসেই এই অর্থ নেন ওই দুই ব্যক্তি। বরগুনা জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান, তিনি বরগুনা ও পটুয়াখালী দুই জেলার দায়িত্বে আছেন। এখানে আবেদনের সঙ্গে ব্যাংক ড্রাফট ছাড়া বাড়তি কোনো টাকা দেওয়ার বিধান নেই। দুই বহিরাগত ব্যক্তিকে দিয়ে অফিস সহকারীর টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সত্য হলে এ ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’