মালয়েশিয়া গমনেচ্ছুদের নিবন্ধনে বাড়তি ফি আদায়ের অভিযোগ
বরগুনার পাথরঘাটা উপজেলার একটি ইউনিয়নে মালয়েশিয়া গমনেচ্ছুদের নাম নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগীদের অভিযোগ, সরকারনির্ধারিত ফি ৫০ টাকা। কিন্তু নাম নিবন্ধনের জন্য তাঁদের কাছ থেকে ১২০-১৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, সরকার মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির জন্য দেশের প্রতিটি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে নাম নিবন্ধনের ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী বরিশাল বিভাগে গতকাল রোববার থেকে নাম নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।কালমেঘা ইউনিয়নে গতকাল নাম নিবন্ধন করতে আসা আবদুর রহিম নামের এক ব্যক্তি অভিযোগ করেন, প্রত্যেকের কাছ থেকে হাতে লেখা জীবনবৃত্তান্ত নিয়ে ১৪০-১৫০ টাকা করে আদায় করছেন দায়িত্বপ্রাপ্তরা। ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মোস্তফা কামাল ওই টাকা নিচ্ছেন। একই অভিযোগ করেন, ইউনিয়নের কূপদোন গ্রামের মো. আজাদ, পশ্চিম কালমেঘা গ্রামের মো. জুয়েল ও ঘুটাবাছা গ্রামের আরিফুল ইসলামসহ অনেকে।কালমেঘা গ্রামের বাসিন্দা ও পাথরঘাটা মহাবিদ্যালয়ের শিক্ষক জামাল হোসেন অভিযোগ করেন, তিনি গতকাল সকালে তাঁর এলাকার ১০-১২ জন তরুণকে নিবন্ধন করাতে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে গেলে সংশ্লিষ্টরা ৫০ টাকার জায়গায় ১৫০ টাকা করে ফি দাবি করেন। তিনি এ বিষয়ে আপত্তি তুলেছিলেন। কিন্তু লাভ হয়নি।অভিযোগ প্রসঙ্গে মোস্তফা কামাল বলেন, ‘তথ্যসেবাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অতিরিক্ত অর্থ নিয়ে ফরম পূরণ করছিলেন। পরে তা বন্ধ করে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।’’ কালমেঘা ইউপির চেয়ারম্যান নূর আফরোজ বলেন, ‘ফরম পূরণ করার জন্য ২০ টাকা অতিরিক্ত রাখা হচ্ছিল। অভিযোগ পেয়ে তা বন্ধ করে নির্ধারিত ৫০ টাকা করেই নিচ্ছি।’