মালয়েশিয়া তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রস্তাব দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে মালয়েশিয়া আগামী তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য প্রস্তাব পেশ করবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।মালয়েশিয়া সরকারের দক্ষিণ এশিয়ার অবকাঠামোবিষয়ক বিশেষ দূত এস সামি ভেলুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে গত রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় স্বার্থ বিবেচনা করে সমান সুবিধাজনক অবস্থায় (উইন-উইন সিচুয়েশন) পৌঁছাতে পারলেই চুক্তি হবে।’ যোগাযোগমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মালয়েশিয়ার প্রতিনিধিদলটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও দেখা করেন। সেখানে যোগাযোগমন্ত্রী উপস্থিত ছিলেন। সাংবাদিকেরা অপেক্ষা করলেও অর্থমন্ত্রী কোনো বক্তব্য দেননি। গত রোববার বিকেলে সেতু ভবনে পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে মালয়েশিয়ার প্রতিনিধিদলটি। বৈঠক সূত্র জানিয়েছে, মালয়েশিয়া পদ্মা সেতু প্রকল্পে ৩২০ কোটি মার্কিন ডলার ব্যয় হতে পারে বলে অনানুষ্ঠানিকভাবে সেতু বিভাগের কর্মকর্তাদের জানিয়েছেন। এই ব্যয়ও ইতিপূর্বে মনসেল একমের করা নকশা কাটছাঁট করে ধরা হয়েছে। মালয়েশিয়ার ইচ্ছা অনুযায়ী, নকশা কাটছাঁট করা হলে নদী শাসনের দৈর্ঘ্য কমে যাবে। সেতুর ওপর দিয়ে গ্যাস ও বিদ্যুৎ লাইন নেওয়ার যে ব্যবস্থার কথা বলা হয়েছে, সেটিও বাদ যেতে পারে। মনসেল একমের করা নকশা অনুযায়ী এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২৯৭ কোটি মার্কিন ডলার। পদ্মা সেতুর নকশা প্রণয়নে প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছে। বৈঠক সূত্র আরও জানায়, মূল সেতুর নির্মাণকাজে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং এবং মালয়েশিয়ার এক্সেস ডায়ার নাম প্রস্তাব করেছে মালয়েশিয়া। সেতু বিভাগ ইতিপূর্বে মূল সেতুর জন্য যে প্রাকযোগ্যতা দরপত্র আহ্বান করেছিল সেটির সংক্ষিপ্ত তালিকায় স্যামসাংয়ের নাম আছে। তবে মালয়েশিয়ার এক্সেস ডায়া একটি অনভিজ্ঞ প্রতিষ্ঠান বলে পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন। পদ্মা সেতু নির্মাণে গত ১০ এপ্রিল মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। গত মে মাসে মালয়েশিয়ার পক্ষ থেকে চূড়ান্ত চুক্তির খসড়া জমা দেওয়ার কথা ছিল। কিন্তু ২৮ মে একটি অসম্পূর্ণ প্রস্তাব দেয় তারা। এরপর জুন মাসে আরেকটি খণ্ডিত প্রস্তাব দেয়। এখন বলছে, তিন সপ্তাহ পর দেওয়া হবে চূড়ান্ত প্রস্তাব। তবে সেতু বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মালয়েশিয়ার প্রস্তুতি দেখে মনে হচ্ছে, তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রস্তাব তারা দিতে পারবে না।