মালয়েশিয়া থেকে আনা হলো তিন শ্রমিকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই ফ্লাইটে তাঁরা মালয়েশিয়া যান। আবার লাশ হয়েও ফিরলেন একই ফ্লাইটে। মালয়েশিয়ায় নির্মাণাধীন উড়ালসড়কের বিমের নিচে চাপা পড়ে তাঁরা গত সোমবার নিহত হন। আর গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছায় তাঁদের লাশ।
নিহত ব্যক্তিরা পাবনার ঈশ্বরদীর জয়নগরের আবদুস সাত্তারের ছেলে মোহাম্মদ এলাহি হোসেন, একই উপজেলার শাহাদাত মল্লিকের ছেলে আলাউদ্দিন ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কাশেম খানের ছেলে ফারুক খান।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার প্রথম আলোকে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকালে মরদেহ তিনটি কুয়ালালামপুর থেকে ঢাকায় পৌঁছায়। শ্রমিকেরা যে কোম্পানিতে কাজ করতেন, সেই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাও ওই বিমানে আসেন। বিমানবন্দর থেকেই শ্রমিকদের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশগুলো দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ার সংশ্লিষ্ট কোম্পানি নিহত শ্রমিকদের পরিবারকে পাঁচ হাজার ৯০০ ডলার করে দিয়েছে। ওই অর্থ শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মোহসিন চৌধুরী ও জিয়া উদ্দিন এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব বদিয়ার রহমান।
গত সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে মালয়েশিয়ার কোতা দামানসারা এলাকায় সুংগাই বুলু এলাকায় উড়ালসড়কের বিমের নিচে চাপা পড়ে এই তিনজন মারা যান। ৩০০ টন ওজনের সিমেন্টের তৈরি বিমটি আড়াআড়িভাবে স্থাপিত কাঠামোর ওপর তোলার সময় হঠাৎ করে নিচে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মাস র্যাপিড ট্রানজিট করপোরেশন (এমআরটি কর্প) এই উড়ালসড়কের কাজটি করছিল। পরে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা বিমটি ১৪ টুকরো করে মঙ্গলবার তাঁদের লাশ বের করেন। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক টুইটার বার্তায় এ দুর্ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, ফারুক খানের (৩৮) লাশ গতকাল দুপুর ১২টার দিকে সিরাজদিখানের নাটেশ্বর গ্রামের বাড়িতে দাফন করা হয়। তাঁর চাচাতো ভাই রাসেল জানান, ফারুক এর আগে ১২ বছর একটানা এই কোম্পািনতে কাজ করে দেশে চলে আসেন। পাঁচ বছর দেশে থাকার পর কোম্পািনর মালিক মি. কেকে ফারুকসহ ওই তিনজনকে আবার মালয়েশিয়ায় নিয়ে যান। একই ফ্লাইটে তাঁরা মালয়েশিয়া যান। লাশ হয়ে ফিরলেন একই বিমানে।