মালয়েশিয়া থেকে ঢাকায় এসে মতলবের এক যুবক নিখোঁজ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লেজাকান্দি গ্রামের এক যুবক ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছেন। গত ১৭ আগস্ট দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই রাতেই তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন।
যুবকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম ইমরান হোসেন (২৭)। তাঁর বাবার নাম জাহাঙ্গীর আলম ওরফে সবুর। বাড়ি মতলব দক্ষিণ উপজেলার লেজাকান্দি গ্রামে। তিনি ও তাঁর বাবা ছয় বছর ধরে মালয়েশিয়া আছেন। তাঁর স্ত্রীর নাম লাকী আক্তার।
ইমরানের পরিবার সূত্রে জানা গেছে, গত জুলাই মাসের শেষ দিকে বাড়ি এসে কিছুদিন থেকে পুনরায় মালয়েশিয়ায় ফিরে যান ইমরান। গত ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি তাঁর স্ত্রীকে মুঠোফোনে জানান, তিনি (ইমরান) ১০ দিনের জন্য বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন এবং কয়েক ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন। মালয়েশিয়া বিমানবন্দর পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন সেখানে অবস্থানরত যশোর জেলা সদরের মো. পারভেজ নামে তাঁর এক বাংলাদেশি বন্ধু।
ওই সূত্র জানান, ওই দিন দিবাগত রাত একটায় তিনি ঢাকার বিমানবন্দরে নামেন। এরপর থেকে ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
ইমরানের স্ত্রী লাকী আক্তার বলেন, কী কাজে ইমরান ঢাকায় এসেছেন তা তিনি জানেন না। তাঁর সঙ্গে কারও শত্রুতা আছে বলেও জানা নেই। ইমরানের মামা মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, তিনি গত বুধবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি মতলব দক্ষিণ থানার পুলিশকেও জানানো হয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ওই যুবকের নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি জেনেছেন। তবে ঢাকার যে থানায় জিডি করা হয়েছে, সেই থানার পুলিশই বিষয়টি দেখবে।