মালয়েশিয়া থেকে তিন শ্রমিকের লাশ আসছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় নির্মাণাধীন উড়ালসড়কের বিমের নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশি তিন শ্রমিকের লাশ আগামীকাল বৃহস্পতিবার দেশে এসে পৌঁছাবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান।

নিহত তিন শ্রমিক হলেন পাবনার এলাহী হোসেন, আলাউদ্দিন মল্লিক ও মুন্সীগঞ্জের ফারুক খান।

জাহিদ আনোয়ার জানান, মালয়েশিয়ান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ডিজি-০৮৭) করে নিহত শ্রমিকদের লাশ কাল ঢাকায় পৌঁছাবে। বিমানবন্দর থেকেই লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মালয়েশিয়ার কোতা দামানসারা এলাকায় নির্মাণাধীণ ওই উডলসড়কের নির্মাতা প্রতিষ্ঠান র্যাপিড ট্রানজিট করপোরেশনের (এমআরটি কর্প) বিবৃতিতে জানানো হয়, গত সোমবার ৩৮ মিটার লম্বা ও ৩০০ টন ওজনের বিমটি সিমেন্টের তৈরি আড়াআড়িভাবে স্থাপিত কাঠামোর ওপর তোলার সময় হঠাত্ করে নিচে পড়ে যায়। এ সময় নিচে অবস্থানরত বাংলাদেশের এই শ্রমিকেরা চাপা পড়েন। পরে বিমটি ১৪ টুকরো করে শ্রমিকদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায় স্বীকার করেছেন এমআরটি কর্পের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক ইরা আজহার আবদুল হামিদ। তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এ ঘটনায় পুনঃ তদন্তের আহ্বান জানিয়েছেন।