মালয়েশিয়া থেকে দেশে ফিরেই লাশ হলেন যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে মালয়েশিয়া-প্রবাসী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত যুবক হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মাজুআইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩৫)।

রেলওয়ে পুলিশ জানায়, গতকাল সকাল সাতটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বিষয়টি গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল হাসান পুলিশকে জানান। লাশের পাশে একটি ব্যাগও পড়ে ছিল। পুলিশ ব্যাগ থেকে শফিকুল ইসলাম ও তাঁর মালয়েশীয় স্ত্রীর পাসপোর্ট উদ্ধার করে।

পুলিশের ধারণা, কোনো ছিনতাইকারী শফিকুলের সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে তাঁকে ট্রেন থেকে ফেলে দেয়। এতে মাথায় আঘাত পেয়ে তিনি মারা যান।  টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।