মালয়েশিয়া থেকে ফিরছেন আরও ছয় বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মানবপাচারের শিকার আরও ছয় বাংলাদেশি আজ বুধবার মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন। এর আগে ৪৮৫ জন বাংলাদেশি দেশটি থেকে ফিরেছেন।

এঁরা হলেন যশোরের সৌরভ হোসেন, নরসিংদীর জাকির হোসেন, সিরাজগঞ্জের আবদুস সালাম, কুমিল্লার মোহাম্মদ শামীম, চট্টগ্রামের মোহাম্মদ তৈয়ব ও কক্সবাজারের নুরুল আজিজ।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) শাহিদা সুলতানা মুঠোফোনে প্রথম আলোকে জানান, আজ দুপুরে ওই ছয় বাংলাদেশি মালয়েশিয়া থেকে রওনা হবেন। বিকেলে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা। এই ছয়জন এলে মোট ৪৯১ জন বাংলাদেশি দেশে ফিরবেন।

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় গত ১১ মে মালয়েশিয়ার লংকাবি দ্বীপের উপকূল থেকে প্রায় এক হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৭১৬ জনকে বাংলাদেশি বলে শনাক্ত করা হয়। ওই ৭১৬ জনের নামের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে পাঠানো হয়। এরপর তাঁদের পরিচয় সম্পর্কে যাচাইবাছাই করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।