মালয়েশিয়া থেকে ফিরলেন ৬২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে মানব পাচারের শিকার ৬১ জনসহ ৬২ জন বাংলাদেশি গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা দেশে ফেরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) যৌথভাবে এই ৬২ জনকে দেশে ফিরিয়ে আনে।
আইএমওর বাংলাদেশের কর্মকর্তা মনসুর মোহাম্মদ জানান, গতকাল বিকেলে ৬২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ করে তাঁদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
সূত্র জানায়, বিকেল পাঁচটার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৮৭ ফ্লাইটে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অভিবাসন প্রত্যাশীরা। এর আগে মালয়েশিয়ার বিমানবন্দরে তাঁদের বিদায় জানান বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম ও শ্রম শাখার কর্মকর্তা শাহিদা সুলতানা।
গতকাল ফেরত আসাদের মধ্যে ৬১ জন সম্প্রতি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় আটক হন। অপরজন বাবুল ২০১৪ সালের অক্টোবরে সমুদ্রপথে মালয়েশিয়ায় গিয়েছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার বড় হাতিয়া গ্রামে।
দূতাবাস সূত্রে জানা গেছে, বাবুল মালয়েশিয়ায় পৌঁছে নিগেরি পারলিসে অবৈধ শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু কিছুদিন পর পুলিশ তাঁকে আটক করে বন্দিশিবিরে নিয়ে যায়। সেখানে তিনি মূত্রথলির রোগে আক্রান্ত হন এবং অসাড় হয়ে পড়েন। এরপর মালয়েশিয়া তাঁকে দেশে ফিরিয়ে নিতে হাইকমিশনকে চিঠি দেয়।
অবৈধভাবে সাগরপথে যাওয়ার সময় গত ১১ মে মালয়েশিয়ার লংকাবি দ্বীপের উপকূল থেকে হাজার খানেক অভিবাসীকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৭১৬ জন বাংলাদেশি বলে জানা যায়। ওই ৭১৬ জনের নামের তালিকা মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে পাঠানো হয়। এরপর তাঁদের পরিচয় সম্পর্কে যাচাই-বাছাই করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এঁদের মধ্যে ৬১ জন প্রথম দফায় ফিরলেন।