মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলেন আজিম
‘হ্যালো, বাবা, কেমন আছ? আমি খুব ভালো আছি। সংসারের খরচ বাবদ তোমার জন্য কিছু টাকা পাঠালাম। আশা রাখি, আগামী মাসের মধ্যে বাড়ি আসব আমি।’ মালয়েশিয়াপ্রবাসী মো. আজিম গত সোমবার মুঠোফোনে তাঁর বাবাকে এসব কথা বলেন। আজিম ফিরেছেন, তবে লাশ হয়ে। গতকাল বুধবার বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার মধুগ্রামে তাঁর লাশ এসে পৌঁছায়।পারিবারিক সূত্রে জানা গেছে, ভাগ্য ফেরাতে প্রায় পাঁচ বছর আগে মালয়েশিয়া পাড়ি জমান আজিম (২৮)। রাজধানী কুয়ালালামপুরের জালাল পাহাং নামক স্থানে একটি জুতার কারখানায় কাজ করতেন তিনি। সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ১০টার দিকে বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলেন আজিম। এর প্রায় ২০ মিনিট পর কুয়ালালামপুরের পাসার সেনী সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন আজিম।আজিমের বাবার নাম বেলাল হোসেন। একমাত্র ছেলেকে হারিয়ে তিনি পাগলপ্রায়। বুক চাপড়ে বেলাল বলেন, আজিম নিহত হওয়ার খবর ওই দিনই তাঁকে জানানো হয়েছিল। কিন্তু তিনি বিশ্বাস করতে পারেননি। কারণ, এর কিছুক্ষণ আগে মুঠোফোনে আজিমের সঙ্গে কথা হয় তাঁর। ‘বাড়ির খরচের জন্য ৩২ হাজার টাকা পাঠালাম বাবা, বলেছিল আজিম। ওই টাকা এখনো আসেনি। এর আগেই আমার ছেলে লাশ হয়ে এল।’গতকাল সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজিমের লাশ এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে স্বজনেরা লাশ নিয়ে বাড়ি ফেরেন। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে ।