মালয়েশিয়া থেকে সব নির্দেশ আসত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার মালয়েশিয়ায় অপহরণের শিকার সাংসদ এনামুর রহমানের শ্বশুর ফজলুল হকের পরিবারের সঙ্গে কখনোই কথা বলেননি আল আমিন মিয়া ও নজরুল ইসলাম। বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশে ফজলুল হকের ছেলে মনিরুল হকের ফোনে মুক্তিপণের জন্য ফোন আসত মালয়েশিয়া থেকে। সেখান থেকে এ কাজটি করতেন অপহরণকারীদের অন্যতম ছয়দার আলী।
র্যাবের হাতে ৩ অক্টোবর রাতে সিরাজগঞ্জ থেকে আটকের পর এ কথা জানান আল আমিন ও নজরুল। গতকাল শনিবার দুপুরে উত্তরায় র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, মুক্তিপণের টাকা সংগ্রহে ছয়দার আলী তাঁর দুই সহযোগী আল আমিন ও নজরুলকে বাংলাদেশে বিভিন্ন স্থানে যাওয়ার নির্দেশ দেন। বিভিন্ন সময়ে একাধিক স্থানের কথা বললেও সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় ৭০ লাখ টাকার ব্যাগ টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ফেলে রাখার নির্দেশ দেওয়া হয়। মনিরুল টাকার ব্যাগটি মাটিতে ফেললে আল আমিন ও নজরুল একটি মোটরসাইকেলে করে টাকা সংগ্রহ করতে এলে র্যাব সদস্যরা তাঁদের আটক করেন।
পরে র্যাব সদস্যরা চাপ প্রয়োগ করে আসামিদের মালয়েশিয়ায় ফোন করান এবং মুক্তিপণের টাকা পেয়েছেন বলে জানাতে বাধ্য করেন। টাকা পাওয়ার সংবাদ পেয়ে ফজলুল হককে অক্ষতভাবে মুক্ত করে দেন অপহরণকারীরা।
১ অক্টোবর দেশে ফেরার পথে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অপহৃত হন বাংলাদেশি ব্যবসায়ী ফজলুল হক। সেখানে ৮ থেকে ১০ জন বাংলাদেশি তাঁকে অপহরণ করেন। তাঁদের মধ্যে তিনজনকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ।
অপহরণের পর ওই রাতেই ফজলুল হককে দিয়ে বাংলাদেশে তাঁর বাড়িতে ফোন করান অপহরণকারীরা।
তাঁর ছেলে মনিরুল হক জানান, বুধবার গভীর রাতে বাবা ফোন করে ব্যবসায়িক কাজে লাগবে বলে এক কোটি টাকা জরুরিভাবে কুয়ালালামপুরে পাঠাতে বলেন।
ফজলুল হকের পরিবার ৭০ লাখ টাকা ব্যবস্থা করে এবং বাকি ৩০ লাখ ফজলুল হক মালয়েশিয়া থেকে ব্যবস্থা করেন। পরদিন ফজলুল হকের পরিবার র্যাব-১২তে অভিযোগ করে।
বর্তমানে মুক্ত অবস্থায় ফজলুল হক মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসে রয়েছেন। র্যাব তাঁকে দেশে ফিরিয়ে আনার সার্বিক দায়িত্ব গ্রহণ করেছে।