মালয়েশিয়া দেড় লাখ বাংলাদেশি কৃষি শ্রমিক নিতে আগ্রহী
কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য বাংলাদেশ থেকে দেড় লাখ কৃষি শ্রমিক নিতে আগ্রহী মালয়েশিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে আজ মঙ্গলবার সাক্ষাত্কালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি এ আগ্রহের কথা জানান।
পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী সরকারি পর্যায়ের চলমান ব্যবস্থার অধীনে বাংলাদেশ থেকে আরও বেশিসংখ্যক শ্রমিক নেওয়ার জন্য মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া বেসরকারি পর্যায়ে শ্রমিক নেওয়ার বিষয়েও দুজনের মধ্যে আলোচনা হয়।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকদের প্রশিক্ষণের ওপর জোর দেন, যাতে করে তাঁর দেশ বাংলাদেশ থেকে আরও বেশিসংখ্যক দক্ষ শ্রমিক নিতে পারে।
মালয়েশিয়ার সফররত মন্ত্রী দেশটির নিখোঁজ বিমান অনুসন্ধানকাজে বাংলাদেশের উদ্যোগ ও তত্পরতার প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রী কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন, প্রথম মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া ১৯৭২ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। প্রধানমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। ইউএনবি