কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রশ্নে আলোচনা
মালয়েশিয়া মডেল বাংলাদেশের জন্য লাভজনক হবে না
ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আলী রীয়াজ মনে করেন, মালয়েশিয়াকে মডেল হিসেবে গ্রহণ বাংলাদেশের জন্য লাভজনক হবে না। গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরবিরোধী নয়, গণতান্ত্রিক বহুপাক্ষিকতা থেকে দৃষ্টি সরিয়ে শুধু উন্নয়নের ওপর নজর দিলে দীর্ঘমেয়াদি হিসাবে তা বাংলাদেশের জন্য শুভ না-ও হতে পারে।
গত সোমবার নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে এক আলোচনায় আলী রীয়াজ এ মন্তব্য করেন। তাঁর সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ, এ পলিটিক্যাল হিস্ট্রি সিনস ইনডিপেনডেন্স (স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস) গ্রন্থের ওপর আলোচনার সূত্রে তিনি এসব কথা বলেন। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস রচনায় একটি সরকারিভাবে অনুমোদিত ভাষ্য অনুসরণের চেষ্টা নজরে আসে। এই সরকারি ভাষ্যের বিপরীতে কোনো প্রশ্ন তোলাও রাষ্ট্রদ্রোহিতা হিসেবে পরিগণিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই লক্ষণ আরও তীব্রতর হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি সেখানে গণতন্ত্রের ওপর বড় রকমের আঘাতও আসছে। প্রতিদ্বন্দ্বী দলসমূহের মধ্যে ক্রমমেরুকরণের ফলে সহিংসতা বাড়ছে এবং রাজনৈতিক ভিন্নমত প্রকাশের সুযোগ কমে আসছে।
নাগরিক জীবনে ধর্মের ভূমিকা বাড়ছে, সে কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এই প্রশ্নে ব্যাপক মতবিনিময়ের প্রয়োজন রয়েছে। তিনি দুঃখ করে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার অর্জন। আজকের বাংলাদেশে এসব লক্ষ্য অর্জন ক্রমেই দূরায়ত হয়ে পড়ছে।
আলোচনায় অংশ নিয়ে একই বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার রওনক জাহান বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে, বিশেষত সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর ভূমিকা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জাতীয় জীবনে ধর্মের প্রভাব নাটকীয়ভাবে বৃদ্ধি সত্ত্বেও তাদের পক্ষে এই অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে। বাংলাদেশ প্রশ্নে যেকোনো আলোচনায় নারীদের এই অর্জন বিবেচনায় আনা প্রয়োজন।
রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের বিশিষ্ট অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে এই আলোচনায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অংশগ্রহণ করেন।