মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে দালালসহ ৭০ জনকে আটক করেছে। এদের মধ্যে মিয়ানমারের ৬০ জন নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠালেও দুজন দালালসহ ১০ জনকে থানায় সোপর্দ করা হয়।পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রোববার ভোরে উপজেলার ইউনিয়নের বাহারছড়া সৈকত এলাকা থেকে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাঈন উদ্দিনের নেতৃতে অভিযান চালিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন: শামলাপুরের মনিরুল জাম্মানের ছেলে ফজল আহমদ (১৮), মো. হোছনের ছেলে সোনা মিয়া (২৪), মো. মাহফুজুর রহমানে ছেলে আবদুল করিম (১৬), মো. আবু ছিদ্দিকের ছেলে মো. শাকের (২৪), জাহাজপুরার আমির হামজার ছেলে মো. করিম (১৭), ফরিদ হোছনের ছেলে মো. ইসমাইল (১৮), উখিয়া উপজেলার থাইংখালী এলাকার মো. ইসলামের ছেলে আলী আকবর (২১) ও রবি উল্লাহর ছেলে এনায়েত উল্লাহ (২৫)।অপর দিকে, একই দিন সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা থেকে ৫০ জন, হোয়াইক্যং থেকে আটজন, টেকনাফ সদর থেকে চারজনকে অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে আটক করা হয়। এর মধ্যে ৬০ জনকে স্বদেশে ফেরত পাঠালেও দালাল চক্রের দুই সদস্য মো. এনামুল হক (২২) ও মো. হাফেজ উল্লাহকে (৩৫) থানায় সোপর্দ করা হয়।পুলিশ হেফাজতে থাকা দালাল চক্রের সদস্য মো. হাফেজ উল্লাহ বলেন, ‘মিয়ানমার, শাহপরীর দ্বীপ, সাবরাং, টেকনাফ, শামলাপুর, উখিয়া, কক্সবাজার, বাঁশখালী ও চট্টগ্রামভিত্তিক একটি প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে। তারা জাহাজের মাধ্যমে মালয়েশিয়ায় মানব পাচার করছে। আমরাও তাদের সহযোগী হিসেবে জনপ্রতি ২০-৩০ হাজার টাকার মাধ্যমে ইঞ্জিনচালিত ট্রলারে করে জাহাজে তুলে দিয়ে থাকি।’