মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ!
ইঞ্জিনচালিত ট্রলারে করে চরম ঝুঁকি নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া বন্ধ হচ্ছে না। মালয়েশিয়া যাওয়ার পথে সম্প্রতি মিয়ানমারের কাছাকাছি সমুদ্রে ট্রলার ডুবে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এর মধ্যে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ও রামু উপজেলার রশিদনগর ও জোয়ারিয়ানালা গ্রামের ১০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁরা হলেন: ভারুয়াখালী গ্রামের নুরুল আবছার (২০) ও মোহামঞ্চদ ইউনুস (১৮) এবং রশিদনগরের নুরুল ইসলাম (২৩), সাইফুল ইসলাম (২৪), নুরুল আজিম (৩৩), দেলোয়ার হোসেন (২৮), আমির হোসেন (১৬), আবুল হোছন (২৩), কামাল উদ্দিন (২২) ও নুরুল ইসলাম (২২)।রশিদনগর গ্রামের গৃহবধূ সাজেদা আক্তার বলেন, ‘ভালো চাকরি দেবে বলে কয়েকজন দালাল তাঁর স্বামী নুরুল ইসলামকে গত ২১ জুলাই রাতে নিয়ে যায়। পরের দিন টেকনাফ থেকে একটি ট্রলার নিয়ে ইসলাম মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন বলে মুঠোফোনে তাঁকে জানান। এর পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। খবর পেয়েছি, সাগরে নাকি ওই ট্রলার ডুবে অনেকের মৃত্যু হয়েছে।’ট্রলারডুবির ঘটনায় ২৬ জনের মৃত্যুর বিষয়টি বিভিন্ন জনের কাছ থেকে শুনেছেন ভারুয়াখালী ও রশিদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া ও জাফর আলম। তাঁরা বলেন, দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় যেতে গিয়ে দুই ইউনিয়নের ১০ জন এখন নিখোঁজ। ঘরে ঘরে চলছে স্বজনদের আহাজারি।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ‘ট্রলারডুবির ঘটনা শুনেছি। কিন্তু এ ব্যাপারে কেউ লিখিতভাবে জানায়নি।’অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার, উখিয়া ও টেকনাফের শতাধিক ব্যক্তি (দালাল) দরিদ্র লোকজনকে ফুসলিয়ে ২০-৩০ হাজার টাকার বিনিময়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করছে। টেকনাফের শাহপরীর দ্বীপ, পশ্চিমপাড়া, বাহারছড়া, উখিয়ার মনখালী, কক্সবাজার সদরের কস্তুরাঘাট, নুনিয়াছটা, ভারুয়াখালী, খুরুশকুল, মহেশখালী, সোনাদিয়া, ধলঘাটাসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে ছোট ছোট কাঠের ইঞ্জিনচালিত নৌকায় করে লোকজনকে সমুদ্রে ঠেলে দেওয়া হচ্ছে। গভীর সমুদ্রে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার উল্টে, ইঞ্জিন বিকল হয়ে, খাবার ও জ্বালানির সংকটে পড়ে বহু লোকের মৃত্যুর নজিরও রয়েছে। তবু সমুদ্রপথে আদম পাচার বন্ধ করা যাচ্ছে না।টেকনাফ থানার ওসি মাহবুবুল বলেন, মানব পাচারের সঙ্গে জড়িত এ পর্যন্ত ৬৫ দালালের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর মধ্যে ১২ জনকে কারাগারেও পাঠানো হয়েছে। তবু মালয়েশিয়া যাওয়া বন্ধ হচ্ছে না।কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, ‘আসলে দরিদ্র লোকজন লাভের আশায় ঝুঁকি নিয়ে মালয়েশিয়ায় যাচ্ছে। ফলে আমাদের বিভিন্ন সময় ট্রলারডুবির ঘটনা শুনতে হয়।’