মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি, উদ্ধার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ছয় যুবককে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার নগরের কোতোয়ালি থানার আশরাফ আলী রোডের একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার হওয়া যুবকেরা হলেন হুমায়ুন, আলী হোসেন, ফিরোজ, জাকির হোসেন, কাঞ্চন ও আকাশ। তাঁদের সবার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া যুবকেরা পুলিশকে জানান, এলাকার কয়েকজন লোক ইতিপূর্বে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য দালাল হাফিজের সঙ্গে যোগাযোগ করেন। যাওয়ার খরচ বাবদ এক লাখ ৬০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। মালয়েশিয়া পৌঁছানোর পর দালালেরা তাঁদের পরিবার থেকে চুক্তিকৃত টাকা আদায় করে নেবেন। দালাল হাফিজ তাঁদের গতকাল ওই হোটেলে রেখে যান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে।
বাবুল আক্তার আরও জানান, মালয়েশিয়া পাচারের জন্য ওই যুবকদের এনে তাঁদের অভিভাবকদের কাছ থেকে মুক্তিপণ দাবি করার অভিযোগও পাওয়া গেছে। নগরের বালুচরা টেনারী বটতল এলাকা থেকে বাবুল ও হোসেন নামের দুই যুবক পরিবারকে না জানিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়ায় যান। পরে পাচারকারীরা তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনায় নগরের বায়েজিদ বোস্তামী থানায় একটি অভিযোগ দায়ের করা হলে গোয়েন্দা পুলিশ খবর পায়, মুক্তিপণ দাবি করা পাচারকারীদের সদস্যরা নগরের পাথরঘাটার একটি হোটেলে অবস্থান করছেন। পুলিশ অভিযান চালালেও পাচারকারীদের ধরতে পারেনি। পরে ছয় যুবককে উদ্ধার করা হয়।