মালয়েশিয়া যেতে চট্টগ্রাম বিভাগে দুই লাখের বেশি কর্মীর নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগ থেকে মালয়েশিয়া যেতে আগ্রহী দুই লাখেরও বেশি কর্মী নিবন্ধন করেছেন। গত শনিবার শুরু হয়ে নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে গতকাল সোমবার। আজ মঙ্গলবার বিভাগের পাঁচটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে নিবন্ধনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিক মনোনয়ন করা হবে। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্র জানায়, গত তিন দিনে চট্টগ্রাম বিভাগের মোট দুই লাখ নয় হাজার ৫৯ জন আগ্রহী কর্মী নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীর এই সংখ্যা ছিল গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত। গতকাল বিকেল পর্যন্ত জমা দেওয়া সব নিবন্ধন ফরম তালিকাভুক্তি শেষে নিবন্ধনকারীর সংখ্যা কমপক্ষে আরও আট হাজার বাড়তে পারে।জেলা জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিভাগে দুই লাখ নয় হাজার ৫৯ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলায় নিবন্ধনকারীর সংখ্যা ২৭ হাজার ৫২৫ জন। জমা দেওয়া সব আগ্রহী কর্মীর নিবন্ধন শেষ হলে নিবন্ধনকারীর সংখ্যা আরও আট থেকে ১০ হাজার বাড়তে পারে।’জহিরুল আলম বলেন, ‘আজ মঙ্গলবার বিকেল চারটায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে কম্পিউটারে লটারির মাধ্যমে প্রাথমিক মনোনয়ন হবে।’সূত্র জানায়, প্রাথমিকভাবে মনোনীতদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে মনোনয়নের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রধান কার্যালয়ের মালয়েশিয়া সেল থেকেও টেলিফোনে মনোনয়নের তথ্য জানা যাবে।মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে বৃক্ষরোপণ (প্ল্যান্টেশন) খাতে ১০ হাজার কর্মী নিয়োগের চাহিদাপত্র দেওয়া হয়েছে। এরপর এই খাতে আরও ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে।