মালয়েশিয়া যেতে চট্টগ্রাম বিভাগের আগ্রহী কর্মীদের নিবন্ধন শুরু
চট্টগ্রাম বিভাগ থেকে মালয়েশিয়া যেতে আগ্রহী কর্মীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার প্রথম দিনে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগে মোট ৩৩ হাজার ৯৬২ জন নিবন্ধন করেছেন। আগামীকাল সোমবার পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্র জানায়, গতকাল সকাল নয়টা থেকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় নিবন্ধন শুরু হয়। চট্টগ্রাম জেলার ১৯২টি তথ্যসেবা কেন্দ্রে নিবন্ধন করেন মোট পাঁচ হাজার ৩৩০ জন। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল জেলার মোট ১৯৫টি তথ্যসেবা কেন্দ্রে নিবন্ধন কার্যক্রম পরিচালনার কথা ছিল। তবে কারিগরি সমস্যার কারণে তিনটি কেন্দ্রে নিবন্ধনের কাজ করা সম্ভব হয়নি। গতকাল সকালে কয়েকটি সেবাকেন্দ্রের কম্পিউটারে সমস্যার কারণে নিবন্ধন কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগও পাওয়া গেছে। জেলা জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিভাগে মোট ৩৩ হাজার ৯৬২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলায় নিবন্ধনকারী পাঁচ হাজার ৩৩০ জন। মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে বৃক্ষরোপণ (প্ল্যান্টেশন) খাতে ১০ হাজার কর্মী নিয়োগের চাহিদাপত্র দেওয়া হয়েছে। এরপর এই খাতে আরও ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে। দেশের সবগুলো জেলা থেকে জনসংখ্যার ভিত্তিতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত ১৪ জানুয়ারি থেকে। নিবন্ধন শেষে ২২ জানুয়ারি চট্টগ্রামের পাঁচ জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে প্রাথমিক নির্বাচিতদের মনোনয়ন করা হবে। পরে তথ্য যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।