মালয়েশিয়া যেতে চলতি মাসেই নাম নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলতি মাসেই মালয়েশিয়া বনায়ন খাতের জন্য চাহিদাপত্র পাঠাবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে আমরা নাম নিবন্ধন শুরু করব। ফেব্রুয়ারি থেকেই কর্মী যাওয়া শুরু হবে মালয়েশিয়ায়।’ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল রোববার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। মন্ত্রী বলেন, ‘এবার সরকারিভাবে লোক পাঠানো হবে। কাজেই মালয়েশিয়া যেতে ইচ্ছুকরা কোনো দালাল, মধ্যস্বত্বভোগী কিংবা অসাধু কোনো জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে টাকা দেবেন না।’ দীর্ঘ চার বছর পর বাংলাদেশ থেকে ফের কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। গত ২৬ নভেম্বর এ ব্যাপারে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। চুক্তি সই শেষে মন্ত্রী অস্ট্রেলিয়া যান এবং দেশে ফিরে গতকাল এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের শুরুতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, ২৬ নভেম্বর জনশক্তি রপ্তানি ছাড়াও দুই দেশের মধ্যে মানব পাচার প্রতিরোধ ও আন্তরাষ্ট্রীয় অপরাধ দমনসংক্রান্ত আরেকটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়া প্রথমে প্ল্যান্টেশন (বৃক্ষায়ণ) খাতে ৩০ হাজার কর্মী নেবে। এরপর তারা কৃষি (অ্যাগ্রিকালচার), উৎপাদন (ম্যানুফ্যাকচারিং), নির্মাণ ও সেবা (সার্ভিস) খাতে কর্মী নেবে। মন্ত্রী বলেন, দেশের সব উপজেলার কর্মীরা জনসংখ্যার অনুপাতে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোটা অনুসরণ করা হবে। প্ল্যান্টেশন খাতের কর্মীদের মালয়েশিয়া যেতে হলে কৃষিকাজে অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। গ্রাম এলাকার বাসিন্দা হতে হবে। উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট এবং ওজন কমপক্ষে ৫০ কেজি হতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, নিবন্ধনের সময়সূচি ও করণীয় সম্পর্কে ব্যাপকভাবে প্রচার করা হবে। যেকোনো স্থান থেকে কিংবা ইউনিয়ন তথ্যকেন্দ্র থেকে ইন্টারনেটে নাম নিবন্ধন করা যাবে। কোনো জেলা বা উপজেলার নিবন্ধনের কোটা পূরণ হলে স্বয়ংক্রিয়ভাবেই সেটি বন্ধ হয়ে যাবে। নিবন্ধনের পর মুঠোফোনে একটি বার্তা পাঠানো হবে। সেখানে কবে কোথায় সাক্ষাৎকার হবে, তার বিস্তারিত দেওয়া থাকবে। সংবাদ সম্মেলনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন্নাহারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।