মালয়েশিয়া যেতে নাম নিবন্ধনের জন্য পর্যাপ্ত সময় পাবেন আগ্রহীরা
সরকারিভাবে মালয়েশিয়া যেতে নাম নিবন্ধনের জন্য আগ্রহী ব্যক্তিরা পর্যাপ্ত সময় পাবেন বলে জানিয়েছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।গতকাল সোমবার বিএমইটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএমইটির মহাপরিচালকের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীরা নাম নিবন্ধনের জন্য মাত্র এক দিন সময় পাবেন বলে কোনো কোনো গণমাধ্যম খবর প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে মালয়েশিয়া যেতে আগ্রহী কর্মীদের নাম নিবন্ধন শুরুর জন্য সরকার নির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করবে। ওই তারিখ অনুযায়ী কম্পিউটারের মাধ্যমে অনলাইনে নাম নিবন্ধন করতে হবে। প্রতিটি জেলার জন্য সুষমভাবে নির্ধারিত কোটা থাকবে। ওই কোটা পূরণ হতে যে কয়দিন সময় প্রয়োজন হবে, সেই কয়দিনই নিবন্ধন চলবে। যখন যে জেলার কোটা শেষ হবে, তখন স্বয়ংক্রিয়ভাবেই সেই জেলার নিবন্ধন বন্ধ হয়ে যাবে। এ ছাড়া মালয়েশিয়া যাওয়ার জন্য কোনো দালাল বা কাউকে কোনো টাকা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।প্রায় চার বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করতে ২৬ নভেম্বর মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা।