মালয়েশিয়া যেতে প্রতারণার ফাঁদে পা দেবেন না: বিএমইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার আবাসন খাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকেরা
ফাইল ছবি: প্রথম আলো

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতারণামূলক প্রচার চালাচ্ছে। সরকারি অনুমোদন ছাড়াই লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এসব বিজ্ঞাপন ও প্রতিষ্ঠানের প্রলোভন ও প্রতারণার ফাঁদে পা না দিতে পরামর্শ দিয়েছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সতর্ক করে আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিএমইটি। এতে বলা হয়, চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মী নিতে বিমানভাড়া, লেভি (প্রতিটি কর্মীর জন্য নিয়োগকর্তার ওপর সরকার নির্ধারিত ফি) কর্মী গ্রহণকারী বা নিয়োগকারী বহন করবে। জেনে-বুঝে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাবেন।

এ ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণার আগে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রিক্রুটিং এজেন্সির সঙ্গে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিএমইটি। সংস্থাটি বলছে, বিএমইটির নিবন্ধন ছাড়া কেউ মালয়েশিয়া যেতে পারবে না। সবাই প্রস্তুতি হিসেবে নাম নিবন্ধন করে রাখতে পারেন। তবে এ নিবন্ধন কর্মসংস্থানের নিশ্চয়তা দেয় না।

কর্মীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাসপোর্টসহ মূল্যবান নথি অন্যের হাতে দিয়ে জিম্মি হবেন না। দালাল বা মধ্যস্বত্বভোগীরা নিরাপদ অভিবাসনের অন্তরায়, তাদের পরিহার করুন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অবৈধ ও আগাম লেনদেনের সঙ্গে জড়িত রিক্রুটিং বা তার প্রতিনিধি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে ব্যবস্থা নেওয়া হবে। প্রতারণা থেকে রক্ষা পেতে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে রসিদ সংগ্রহে রাখার পরামর্শ দিয়েছে বিএমইটি।