মালয়েশিয়া শিগগির নিষেধাজ্ঞা তুলে নেবে আশা রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আশা প্রকাশ করেছেন, মালয়েশিয়া শিগগিরই জনশক্তি আমদানি-সংক্রান্ত সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এরপর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জনশক্তি রপ্তানি শুরু হবে।
বাংলাদেশে মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার নূর আশিকিন বিনতি মোহা তাইব গতকাল মঙ্গলবার বঙ্গভবনে তাঁর পরিচয়পত্র পেশ করার সময় রাষ্ট্রপতি এ কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, ওই শ্রমিকেরা বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে।
মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। তিনি আশ্বাস দেন, বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে তিনি সর্বাত্মক প্রয়াস চালাবেন। বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন হাইকমিশনার।
রুশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ: বাংলাদেশে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগনেটভ গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, রাশিয়া বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এ ছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সমর্থন ও সহায়তার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।