ভ্রমণসংক্রান্ত কাগজপত্রে ত্রুটি থাকায় গত বৃহস্পতিবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭১ জনের যাত্রা স্থগিত করেছে অভিবাসন পুলিশ। তাঁদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয় জাল পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগে। বাকি ৬৫ জনকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।অভিবাসন পুলিশ জানিয়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আমন্ত্রণপত্র নিয়ে তাঁরা সবাই মালয়েশিয়া যাচ্ছিলেন। কিন্তু পরে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা কেউ-ই শিক্ষার্থী নন।অভিবাসন পুলিশ ও বিমানবন্দর সূত্র জানায়, এই ৭১ জন বৃহস্পতিবার রাত ১০টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার (চেক-ইন) সময় তাঁদের পাসপোর্টসহ ভ্রমণসংক্রান্ত কাগজপত্রে ঘাপলা ধরা পড়ে। অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের যাত্রা স্থগিত করলে ইউনাইটেড এয়ারওয়েজ ওই ফ্লাইট বাতিল করে দেয়।পুলিশ সূত্র জানায়, ৭১ যাত্রীর মধ্যে চারজন মালয়েশিয়ার জাল ভিসা সংগ্রহ করেছেন আর দুজনের পাসপোর্টই জাল। এ ছয়জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বিমানবন্দর থানার উপপরিদর্শক শামসুল হক বলেন, জাল ভিসা সংগ্রহের অভিযোগে কামাল হোসেন (২১), দোলন মাহমুদ (৩০), শহীদুল ইসলাম (১৮) ও হারেস আলীর (২৬) বিরুদ্ধে এবং জাল পাসপোর্ট সংগ্রহের অভিযোগে এহসানউল্লাহ (২০) ও উলা মিয়ার (৩৮) বিরুদ্ধে মামলা হয়েছে। শেষ দুজনের জাল পাসপোর্টে কম্বোডিয়ার ভিসা ছিল। অভিবাসন পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে তাঁরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঁচজন কর্মকর্তাকে শনাক্ত করেছেন। বিষয়টি চূড়ান্ত করে ওই পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে জানানো হবে।