মালয়েশিয়ার অর্থের উৎস জানতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর জন্য প্রস্তাবিত মালয়েশিয়ার অর্থের উৎস জানতে চেয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে দলটির রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা-৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে মালয়েশিয়ার অর্থের উৎস জানতে চান। মির্জা ফখরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আপনি বলেছেন পদ্মা সেতুর অর্থেও উৎস নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। তাহলে কি আমরা ধরে নেব যে শেয়ারবাজার থেকে লুট হওয়া হাজার হাজার কোটি টাকা পদ্মা সেতু নির্মাণের জন্য ফিরিয়ে আনা হচ্ছে।’ তিনি বলেন, এই অর্থ কোথা থেকে আসছে, জনগণ তা জানতে চায়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বিরোধী দলের ১২ মার্চের কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। তাই সরকারকে বলব, দয়া করে “ঢাকা চলো” কর্মসূচিতে বাধা না দিয়ে সহায়তা করুন।’ সাংবাদিক দম্পতির খুনের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এই সরকারের আমলে দেশের মানুষ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। ঘরে ঢুকে পর্যন্ত মানুষকে হত্যা করা হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ২২টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকেরা অংশ নেন। প্রশিক্ষণ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কবির মুরাদ।