মালয়েশিয়ার কর্মী পাঠানোর প্রক্রিয়ার প্রস্তাব উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ার একটি প্রস্তাব উত্থাপন করেছে ঢাকা সফররত রিয়েল টাইম নেটওয়ার্কিংয়ের প্রতিনিধিদল। এতে কোন প্রক্রিয়ায় কর্মী নিবন্ধন হবে, মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলো কীভাবে সবকিছু পর্যবেক্ষণ করবে সেগুলো তুলে ধরা হয়।

আজ শনিবার মালয়েশিয়ার বেসরকারি সংস্থাটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে এই প্রস্তাব উপস্থাপন করে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন নাহার, যুগ্ম সচিব আবদুর রউফ ও কাজী আবুল কালামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে যাওয়া মালয়েশিয়ার ব্যবসায়ী মো. আবু হানিফ রিয়াল নেটওয়ার্কের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক। জনশক্তি রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) তাঁকে মালয়েশিয়ার বৈদেশিক প্রতিনিধি নিযুক্ত করেছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি বাংলাদেশ থেকে বেসরকারিভাবে ১৫ লাখ কর্মী নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রতিষ্ঠানটি কর্মী পাঠানোর প্রক্রিয়ার প্রস্তাব নিয়ে বাংলাদেশে এলো।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকালে রিয়াল টাইম নেটওয়ার্কের চেয়ারম্যান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা রাজা আজহার, নির্বাহী চেয়ারম্যান আবদুল হাকিম হামিদি, ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস আলী, অপারেশন ম্যানেজার রসলি বিন আবগানি ও পরিচালক নুর ফিজারানা ঢাকায় এসে পৌঁছান। পরে দুপুর ৩টায় তাঁরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে তাদের ওয়ার্ক ফোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেমের প্রস্তাব উপস্থাপন করে। বায়রার সভাপতি আবুল বাসার, মহাসচিব মনসুর আহমেদ কালাম ও বায়রার জ্যেষ্ঠ সহসভাপতি এবং মালয়েশিয়ার বিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক আলী হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী নানা খুঁটিনাটি বিষয়ে জানতে চান। এর মাধ্যমে কীভাবে প্রতারণা বন্ধ হবে, কর্মীরা যেই প্রতিষ্ঠানে গিয়েছে সেখানেই কাজ পাবেন কি না ইত্যাদি বিষয় নিয়েও জানতে চান মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা যেন কোনোভাবেই প্রতারিত না হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া নিয়ে কথা বলতে আগামীকাল রোববার ঢাকার পথে রওনা দেবে মালয়েশিয়ার সরকারি প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দেবেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক মুস্তফা বিন ইব্রাহিম। তাঁরা আগামীকাল বায়রার সঙ্গে এবং পরদিন প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাসার প্রথম আলোকে বলেন, ‘আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমরা চাইছি সবাই মিলে এমন একটি প্রক্রিয়া বের করতে যাতে অতীতের মতো ঘটনা না ঘটে।’

জনশক্তি রপ্তানি বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ থেকে অতীতে মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে বারবার প্রতারণা হয়েছে। প্রতিবারই এ নিয়ে বাজার বন্ধ হয়েছে। কাজেই নতুন করে বাজার চালুর আগে এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘আমরা রিয়াল নেটওয়ার্কের প্রস্তাব শুনেছি। নানা বিষয় নিয়ে আমরা তাদের কাছে জানতে চেয়েছি। মালয়েশিয়ার সরকারি প্রতিনিধিদলও আসছে। সবকিছু নিয়েই আমরা আলোচনা করব। আমরা চাই এমন একটি প্রক্রিয়া যাতে প্রতারণা বন্ধ হয়। কম খরচে লোকজন মালয়েশিয়া যেতে পারে।’